“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
কোরআন, হাদীছ ও আত্মশুদ্ধি
ইকামাতে দ্বীনের রাজনীতি, রাজনীতির ইকামাতে দ্বীন
আবু তাহের মিছবাহ্
বুঝতে পারছি না, কী কথা দিয়ে ‘কথা’ শুরু করব! ইসলাম যাদের রাজনীতির নাম এবং ইসলাম যাদের রাজনীতির শিরোনাম, ‘ক্বালাল্লাহ্-ক্বালার-রাসূল’ যাদের মূল পরিচয়, এ তিনদলেরই তরুণ রক্তের উপর (আমি বিশ্বাস করি) আমার কিছু না কিছু হক আছে, তাদের সবার উদ্দেশ্যে, আমরা যার উম্মত, ঐ মহান মানবের, একটি জীবন-বৈশিষ্ট্য উল্লেখ করে কথা শুরু করতে চাই। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্রে আভিজাত্য, শারাফাত ও ভদ্রতা কী পরিমাণ ছিল, তার বর্ণনা দিতে গিয়ে উম্মুল মু‘মিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন—
কথায় ও কাজে না তিনি অশালীন ছিলেন, না অশালীন হতে পারতেন! বাজারেও তিনি উঁচু আওয়াযের ছিলেন না। আর মন্দের জবাব মন্দ দিয়ে দিতেন না, বরং ক্ষমা করতেন এবং ক্ষমাসুন্দর আচরণ করতেন। (তিরমিযি)
অন্যবর্ণনায় আছে, তিনি অবগুণ্ঠনে থাকা লজ্জাবতীর চেয়েও লজ্জাবান ছিলেন।
তো যাদের ঘরে আয়না নেই, তাদের জন্য এ হাদীছ হবে অতি স্বচ্ছ আয়না; যাদের ঘরে আয়না তো আছে, কিন্তু আয়নায় নিজেকে দেখার অভ্যাস নেই, তাদের জন্য এ হাদীছ হল আয়নায় নিজেকে দেখার আহ্বান! যাদের ঘরে আয়না আছে, আয়নায় নিজেকে দেখার সুন্নতও আছে তাদের জন্য এ হাদীছ হল সাধুবাদ ও সুসংবাদ!
আশা করি, এখন থেকে প্রতিটি আচরণে ও উচ্চারণে এ হাদীছকে নিজেদের জন্য আমরা মানদণ্ডরূপে সামনে রাখব এবং এ আলোকে আত্মসমালোচনা করতে থাকব। আমাদের আচরণে উচ্চারণে মানুষ যেন বুঝতে পারে, আমরা কোন নবীর উম্মত!
একটা ইচ্ছা ছিল, পর্যালোচনা করে দেখা যে,
আচরণে উচ্চারণে অশালীনতার বিচারে বিস্ত থেকে আমরা কে কতটা কাছে, বা দূরে। সে ইচ্ছা এখন ত্যাগ করছি, কারণ আয়নায় যে চেহারাই দেখতে পাব সেটা তো ‘আমারই চেহারা হবে!’
বহু চিন্তাভাবনার পর এবং পরিণাম-পরিণতি সম্পর্কে মানসিক প্রস্তুতি গ্রহণের পর মনে হল চলমান বিষয়ে কলম ধরা এবং কিছুকথা বলা এখন সময়েরই প্রয়োজন, অন্তত তাদের জন্য যারা সঠিক পথের খোঁজ পেতে চায়! যারা সত্যকে বুঝে সত্যকে গ্রহণ করতে চায়। আহলে ইলমের সামান্য অনুগামী হিসাবে সময়ের প্রয়োজনে সাড়া দেয়া, আমি মনে করি, অবশ্যকর্তব্য! আর এ পথের প্রথম সবকই হল—
لايـَخَـافُـونَ فـى الله لَـوْمَـةَ لآئِـمٍ আল্লাহ্র পথে কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় করে না। এ পথে তো নব্বই বছরের জ্ঞানবৃদ্ধকেও বলা হয়, ‘তেতুল হুযূর!’ তো ‘মালিকের বান্দা’ এপথে একটাদু’টো খেতাব পাবেন তাতে অবাক হওয়ার কী হল! তবে একটা সত্য যুগ যুগ ধরে স্বীকৃত! ‘যখন যুক্তির অভাব ঘটে, যখন প্রমাণের আকাল পড়ে তখন শূন্যস্থান পূরণের জন্য ‘গালিয়াত’ এর অনুপ্রবেশ ঘটে! তো যখন ভদ্রলোকের মুখে বিভিন্ন মাত্রার গালি শুনি তখন এ স্বস্তি অবশ্যই অনুভব করি যে, আসলে দলীলের অভাবে ‘দালাল’ শব্দটা এসেছে! এক্ষেত্রে প্রাচীন কবির ‘পথনির্দেশ’ হল—
لا يَـعْـنِيـنـي এমনভাবে চলে যাব যে, আমাকে বোধহয় বলছে না!
আস্তাগফিরুল্লাহ্! কবিতার আগে আমার তো মনে পড়া উচিত ছিল কোরআনের বাণী—
এ আয়াতে, কারা রহমানের বান্দা, তাদের কয়েকটি পরিচয় বলা হয়েছে। চিন্তার বিষয় যে, সাধারণভাবে তো বলার কথা, ইবাদুল্লাহ্ (আল্লাহ্র বান্দা), কিন্তু আয়াতের শুরুতে বলা হল, ইবাদুররহমান (রহমানের বান্দা)। হয়ত তাতে ইঙ্গিত রয়েছে যে, যাদের মধ্যে আয়াতে বর্ণিত আখলাক পাওয়া যাবে তারা আল্লাহ্র রহমতের বেশী হকদার হবে। আর এ উচ্চ আখলাক হতে যারা যত দূরে, রহমানের রহমত হতেও তারা তত দূরে থাকবে! আয় আল্লাহ্, আমাদের তাওফীক দান করুন, যেন এই মহৎ চরিত্র অর্জনের মাধ্যমে আমরা আপনার রহমত দ্বারা সুসিক্ত হতে পারি, আমীন।
সম্প্রতি অতি দুঃখজনকভাবে, ইকামাতে দ্বীন, পরিভাষাকে কেন্দ্র করে বিতর্কের একটা ঝড় উঠেছে ইসলামী মহলে। বিতর্কের মূল উপাদান তো তৈরী হয়ে আছে অর্ধশতাব্দীরও আগে, যখন ‘ইকামাতে দ্বীন’ শব্দযুগল পরিভাষারূপে ‘ইসলামী রাজনীতি’র অঙ্গনে জায়গা করে নিয়েছে। এ পরিভাষা তার শরীরে আবহই এমন ধারণ করে যাতে বিতর্কের দুয়ার খুলে যেতে পারে এবং খুলে গিয়েছেও। কারণ ইকামাতে দ্বীন, দু’টি অংশেরই ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। আমার ব্যাখ্যা আপনার পছন্দ হল না এবং আপনার ব্যাখ্যা আমার...; এমন হতে পারে। শরীয়তের দৃষ্টিতে দ্বীন কাকে বলে, দ্বীনের সংজ্ঞা ও পরিচয় কী? ইক্বামাত শব্দের অর্থ কী? কোন প্রেক্ষিতে এর কী অর্থ? তাছাড়া সময়ের বিচারে কখন ইকামাতে দ্বীনের পথ ও পন্থা কী হবে? প্রতিটি ক্ষেত্রেই মত -বিনিময় হতে পারে! মতভিন্নতাও হতে পারে; এমনকি তর্ক-বিতর্কও হতে পারে! তবে বিতর্কের মাত্রা কতটা উপরে বা নীচে থাকবে, সম্পূর্ণরূপে নির্ভর করে পক্ষদ্বয়ের, বা পক্ষত্রয়ের, অথবা সংশ্লিষ্ট পক্ষগুলোর ইচ্ছা ও সদিচ্ছার উপর।
প্রথমদিকে অবশ্য ইসলামী রজানীতির পরিচিত পরিভাষা ছিল خلافـة على مـنهاج الـنـبـوة অর্থাৎ নবুয়তের পথ ও পন্থার উপর খেলাফতপ্রতিষ্ঠা, এতে মতবিনিময়ের সুযোগ থাকলেও, বিতর্কের সুযোগ কম ছিল। প্রশ্ন হতে পারে, এ পরিভাষা ছেড়ে নতুন পরিভাষা গ্রহণ করার খুব কি প্রয়োজন ছিল!
তো বলছিলাম, ইকামাতে দ্বীন, এ পরিভাষাটি আজকের নয়, বহু আগের; এ বিতর্কও আজকের নয়, বহু আগের। এমনকি জামায়াতের এ দাবীও আজকের নয়, বহু আগের যে, জামায়াতই শুধু ইকামাতে দ্বীনের জিহাদ করছে, ‘অন্যরা’ ....! আমার মনে হয়, যদি শুধু বলা হত, জামায়াত তার প্রতিষ্ঠালগ্ন থেকে ইকামাতে দ্বীনের জিহাদ করছে; ‘অন্যরা’ কী করছে তা বলাই না হত! তা হলে হয়ত বিতর্কেরই জন্ম হত না। কিন্তু জামায়াত শুরু থেকে বলে আসছে, ‘তারাই শুধু ...’ তারপর ‘অন্যরা কী করছে এবং কী করছে না’ তাও বড় ‘আয়োজন’ করে বলে থাকে। এটা কি— মাফ করবেন— বলে কয়ে বিতর্ক জন্ম দেয়ার নাম নয়!
জাতীয় মসজিদের ‘সম্মানিত’ খতীব, হযরত মাওলানা আব্দুল মালিক ছাহেব, বহুদিন থেকে চলে আসা বিতর্কিত বিষয়টা নতুন করে তুলে ধরেছেন। এটা সময়-উপযোগী ও স্থান-উপযোগী হয়েছে কি না, প্রশ্ন করা যায় ভদ্রতার সঙ্গে; উত্তরও দেয়া যায় ভদ্রতার সঙ্গে। আফসোস! যে ভাষায় প্রশ্ন এসেছে এবং উত্তর গিয়েছে তাকে অন্তত ‘শালীন’ বলার সুযোগ নেই। অশালীনতার মাত্রা নিয়ে অবশ্য কথা বলা যায়।
লোকেরা বলে, জামায়াত যেহেতু ‘বড় মনের বড় দল’ বলে দাবী করে, জামায়াতপ্রধান যেহেতু অনুগামীদের উদার হওয়ার শিক্ষা দিয়ে থাকেন তাই তাদেরই দায়ভার বেশী ছিল শালীনতা ও সংযম রক্ষার; কিন্তু আমি মনে করি, কাউমী অঙ্গনের তরুণ আলিম যারা, এ পক্ষের হোন বা ঐ পক্ষের, তাদেরই বেশী দায়ভার, নবীচরিত্রের ছায়ায় থাকার, যাতে বিশিষ্ট -সাধারণ সবাই তাদের কাছ থেকে উত্তম আদর্শ অর্জন করতে পারে। আমি এখনো আশা করব, কাউমী তরুণ আলিম, চিন্তাশিবির যেটাই গ্রহণ করেন, ময়দানে হাশরের দায়দায়িত্ব নিয়েই গ্রহণ করবেন, তবে আচরণে উচ্চারণে ভদ্রতা ও সংযম অবশ্যই রক্ষা করবেন, আর যা কিছু বলবেন যুক্তির ভাষায় বলবেন, যাকে বলে সত্যাশ্রয়ী যুক্তি!
খতীব ছাহেবের সরলতাই বলতে হবে, এবং বলতে হবে জামায়াতের অসাধারণ তর্কজ্ঞান যে, প্রসঙ্গটা তারা এমনভাবে লুফে নিয়েছেন যে, বুঝি এটাই জামায়াতের সঙ্গে ওলামায়ে উম্মতের বিরোধের একমাত্র কারণ। না, জনাব, এটা তো খুব সামান্য, যার সম্পর্ক কোনভাবেই আকীদার সঙ্গে নয়। ওলামায়ের উম্মতের বিরোধিতা করার ও গোমরাহ বলার মূল কারণ অরো অনেক গভীরে, যার সঙ্গে আকীদার প্রশ্ন গভীরভাবে জড়িত। জামায়াত সুকৌশলে সেগুলোকে আড়ালে নিয়ে যেতে, বলতে হয় সফল হয়েছে। সাধারণ মানুষকে সাময়িকভাবে হলেও তারা বোঝাতে পেরেছেন যে, সমস্ত বিবাদের মূল হল ইকামতে দ্বীন-এর অর্থ নির্ধারণ। তো মতের ইখতিলাফ তো হতেই পারে, এজন্য গোমরাহ-এর মত কঠিন শব্দ, এটা চরম বাড়াবাড়ি নয়ত কী!
জামায়াতের কর্মকৌশল ও কর্মদক্ষতার প্রশংসা আমি সবসময় করি! আওয়ামী লীগ যেমন বিএনপিকে বলত, ‘তোমাদের আন্দোলনের মুরোদ নেই, কাকে বলে আন্দোলন, তা আমাদের কাছে শিখতে হবে!’ আমিও আমার ছাত্রদের বলি, জামায়াতের সঙ্গে জোট বাঁধ বা মোকাবেলা কর, তাদের সাংগঠনিক শক্তি, দলীয় ঐক্য এবং গতিশীল কর্মকুশলতা, এগুলো তোমাদের শিখতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, সাংগঠনিক শক্তি, দলীয় ঐক্য, কর্মকুশলতা ও ‘উচ্চ নৈতিকতা’, এগুলো নিয়ে গর্ব ও অহঙ্কার করা ভয়ঙ্কর ভুল। তাছাড়া এগুলো কখনোই হক হওয়ার প্রমাণ নয়। আমি তো ভাবি, জামায়াত যদি ‘গুণের অহং’ ত্যাগ করতে পারত, তাহলে তাদের পক্ষে আরো বহু দূর যাওয়া সম্ভব হত, এমনকি হয়ত ক্ষমতায়ও, একামাতে দ্বীনের জন্য যা তাদের খুব প্রয়োজন!
যাই হোক, এগুলো জামায়াতের প্রশংসনীয় গুণ সন্দেহ নেই। এসব গুণ আমাদের অবশ্যই অর্জন করতে হবে। কিন্তু এগুলো সত্যের প্রমাণ বলে সিদ্ধান্ত গ্রহণ করা বুদ্ধির কাজ হতে পারে না! হযরত মুআবিয়া রা. এর সাংগঠনিক শক্তি, শৃঙ্খলা, গতিশীলতা এবং রাজনৈতিক ও সামরিক কুশলতা সত্ত্বেও তিনি ইজতিহাদী ভুলের উপর ছিলেন, পক্ষান্তরে হযরত আলী রা. হকের উপর ছিলেন, যদিও শেষপর্যন্ত হযরত মু‘আবিয়ার অপ্রতিহত শক্তির সামনে হযরত আলী রা.র খেলাফত সঙ্কুচিত হয়ে এসেছিল, কিন্তু তাতে উভয়ের ইজতিহাদি অবস্থানের বদল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আমাদেরও যুক্তির ভিত্তিতে হক না হক নির্ধারণ করতে হবে, শক্তির ভিত্তিতে নয়, এবং নয় ঐক্য, শৃঙ্খলা ও কর্মকুশলতার ভিত্তিতে। এটা অবশ্য আলাদা কথা যে, এ সমস্ত প্রশংসনীয় গুণ আমাদেরও অর্জন করতে হবে!
কাউমী অঙ্গন থেকে জামায়াত-শিবিরে যাওয়া এক জোশীলা তরুণ মাওলানা, ভাষার সংযম হারালেও ‘দেখতে যুক্তির মত’ কিছু কথা বলেছেন। হযরত আল্লামা তাক্বী উছমানীকে ‘দাদাহুযূর’ (এবং হযরত মাওলানা আব্দুল মালিক ছাহেবকে বাবাহুযূর) মেনে নিয়ে তাকমিলাতু ফাতহিল মুলহিম থেকে উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন, আল্লামা তাক্বী ওছমানী তো দ্বীন শব্দের ঐ অর্থই বলেছেন, যা মাওদূদী ও জামাত বলে আসছে! ....
ভাল কথা, দাদা হুযূর, মওদূদী সম্পর্কে কী কী লিখেছেন, ‘নাতী হুযূর’ একবারো কি তা ভেবে দেখবেন না! যা মনপছন্দ তাই শুধু নেবেন, আর সব ছেড়ে দেবেন!
তিনি যেভাবে ইবারত পড়েছেন, তাতে ধরে নেয়া যায়, পথিক পথ হারালেও ‘পাথেয়’ সংগ্রহ করেছেন কিছুটা। এ জান্য তাকে সাধুবাদ জানিয়ে বলতে চাই, দ্বীনের এ অর্থ ওলামায়ে উম্মত তো অস্বীকার করেননি! তারা শুধু বলেছেন, দ্বীনের সম্প্রসারিত অর্থ হল আওয়ামির ও নাওয়াহি (শরীয়তের যাবতীয় আদেশ ও নিষেধ) এর উপর আমল করা এবং সমাজ-অঙ্গনে ও জাতীয় জীবনে তা প্রতিষ্ঠার মেহনত করা। মেহনতের প্রতিটি অংশই হবে ইকামতে দ্বীনের অংশ। ....
তা যদি না হবে, তাহলে শরীয়তের পক্ষ হতে এই রোখছতের কী অর্থ?— ‘যদি মুখেও না পার, তাহলে অন্তত অন্তরে তার প্রতি ঘৃণা পোষণ কর, আর সেটা হল ঈমানের দুর্বলতম স্তর!’
আল্লামা উছমানী দ্বীন ও ইকামাতে দ্বীনের যে অর্থ বলেছেন এবং জামায়াত যে অর্থ বলছে, উলামায়ে উম্মত যদি তার উপর আমল না করতেন, তাহলে তো বালাকোট হত না! সইয়দ আহমদ ও শাহ ইসমাঈল-এর শাহাদত হত না! শোহাদায়ে বালাকোট হত না, যাদের বেশীর ভাগই ছিলেন হক্কানী আলেম! তাহলে তো শামেলীর রণাঙ্গন হত না এবং কলম ও দরস ছেড়ে আলিমগণ অস্ত্রহাতে বের হতেন না! তাহলে তো শায়খুল হিন্দ ও হযরত মাদানীর মালটার যিন্দেগি হত না! তাহলে তো হাযার হাযার আলিম ফাঁসির মঞ্চে দাঁড়াতেন না। তাহলে তো পাকিস্তান প্রতিষ্ঠার জিহাদ হতো না! হযরত আল্লামা শিব্বির আহমদ উছমানী, হযরত মাওলানা মুফতি শফী ও হযরত মাওলানা সৈয়দ সোলায়মান নদবী রহ. এর হাতে পাকিস্তানের দস্তুর তৈয়ার হত না এবং উলামায়ে উম্মতের নেতৃত্বে সর্বসম্মত বাইশ দফা হত না! তাহলে তো আল্লামা কাশ্মীরী এবং তাঁর শাগিরদ হযরত মাওলানা মুফতি শফী রহ. ভাওয়ালপুর ছুটে যেতেন না! তাহলে তো হযরত বিন্নোরী রহ. হাদীছের মসনদ ছেড়ে কাদীয়ানীদের অমুসলিম ঘোষণার দাবীতে সর্বাত্মক জিহাদে ঝাঁপিয়ে পড়তেন না। তারা তো কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবী আদায় করেই ফিরেছিলেন মাদরাসায়, ইকামাতে দ্বীনের সাবেক কর্ম- ক্ষেত্রে। তাহলে তো আল্লামা তাক্বী উছমানী আইন ও বিচারবিভা-গীয় জিহাদে শরীক হতেন না। সূদমুক্ত ব্যাংকিং-এর জিহাদেও নামতেন না। জামায়াত কী বলতে পারে, কাকে বলে তালিবান ও তালেবানের হুকূমত! কাকে বলে তালেবানের জিহাদ, কোরবানী ও শাহাদাত! জামায়াত কি জানে, কোত্থেকে উঠে এসেছেন মোল্লা উমর, কীভাবে হয়েছেন আমীরুল মোমিনীন! মাওলানা জালালুদ্দীন কোন্ মাদরসার হাক্বানী!
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডালিসা রাইসা, কেন বলেছিলেন, ‘জিহাদ বন্ধ করতে হলে, মাদরাসাগুলো নিযন্ত্রণে আনতে হবে...! মাওলানা মুফতি মাহমূদ রহ. ভুট্টোবিরোধী যে ভূমিধ্বস আন্দোলন গড়ে তুলেছিলেন, সীমান্ত প্রদেশে যে ইসলামী হুকূমত কায়েম করেছিলেন, তা কী ইকামাতে দ্বীনের মেহনত ছিল না! সমস্ত ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও উলামায়ে কেরাম যে রাজনৈতিক আন্দোলন করে আসছেন, তা কী ইকামাতে দ্বীনের মেহনত নয়! দেশভাগের পর কেন মাদরাসা বন্ধ হয়েছিল! নেযামে ইসলামের হযরত মাওলানা আতহার আলী রহ.সহ শত শত আলিম কেন কারানির্যাতন সহ্য করেছেন! খতীবে আযম হযরত মাওলানা ছিদ্দীক আহমদ রহ.এর নেতৃত্বে কেন আইডিএল গঠিত হয়েছিল! রাজনীতিতে আবার ফিরে আসার জন্য কারা তাঁর ছত্রচ্ছায়া গ্রহণ করেছিল! একটি কথা কলমের মুখে এসেই পড়েছিল, যা সন্দেহ নেই তিক্ত সত্য, কিন্তু কারো মনে কষ্ট হতে পারে ভেবে বিরত থাকলাম; তবে এ প্রশ্ন তো বিনয়ের সঙ্গে করতেই পারি, ব্রাহ্মণবাড়ীয়া কিভাবে হল শহীদবাড়ীয়া! এবং ....
জামায়াতের তর্ককুশলতার সত্যি কোন জুড়ি নেই। এটা হয়ত আমাদেরও শেখা দরকার! জামায়াত জোরেশোরে বলে, তারা একামতে দ্বীনের আন্দোলনে আছে বলেই তাদের শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ড ভোগ করতে হয়েছে। (সঙ্গে সঙ্গে অন্যদের প্রতিও থাকে তির্যক মন্তব্য!)
আমি বিশ্বাস করি, তারা মর্মান্তিকভাবে শহীদ হয়েছেন, আমি আশা করি, ইনশাআল্লাহ্ তাদের ঠিকানা জান্নাত। হেফাযাতে ইসলাম তাই শাহাবাগের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল! তাই শাপলা চত্বরের ট্রাজেডি ঘটেছিল। আমি স্বীকার করি, বড় বড় ভুল ছিল বলেই শাপলাচত্বরে আমাদের করুণ পরিণতিও হয়েছিল! একই ভাবে জামায়াতনেতাদের মর্মান্তিক শাহাদাত, ইকামাতে দ্বীনের অপরাধে ছিল না। ছিল তাদের অতিরিক্ত ‘রাজনৈতিক কুশলতার’ কারণে! একবার তারা আওয়ামী লীগে ভিড়েছে, ‘একামতে দ্বীনের অংশ হিসাবে! আবার আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ভিড়েছে, সেও ইকামাতে দ্বীনের অংশ হিসাবে! বিএনপি ভুলে গেলেও হিংস্র স্বভাবের আওয়ামী লীগ তা ভুলেনি! শেখ হাসিনা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, খালেদা জিয়াকে ঘরছড়া (তারেক রহমানকে দেশছাড়া) করবেন, আর জামায়াত নেতাদের দুনিয়া ছাড়া করবেন! আমি মনে করি, ইকামাতে দ্বীনের নামে এত রাজনৈতিক ‘ক্রীড়াকুশলতা’ প্রদর্শন করা ঠিক হয়নি! দ্বীনী সিয়াসাত মানে সরল রাজনীতি, দ্বীনী সিয়াসত মানে রাজনীতির কূটচাল নয়!
আমি উপস্থিত ছিলাম যরত হাফেজ্জী হুযূরের সঙ্গে জনাব গোলাম আযমের সাক্ষাতের মজলিসে। প্রসঙ্গক্রমে জনাব গোলাম আযমের পক্ষ হতে বলা হয়েছিল, ‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।’ হযরত হাফেজ্জী হুযূর বলেছিলেন, ‘গলত! মুমিনের তো প্রথম কথাই শেষকথা!’ আমি তখন অবাক চোখে তাকিয়ে ছিলাম আমার হযরতের নূরানী চেহারার দিকে!
নির্যাতন-মৃতুদণ্ড কোন দলের মযলূম হওয়ার প্রমাণ তো হতে পারে, হক হওয়ার প্রমাণ নয়। ফাঁসিতে আরো অনেকের মৃত্যু হয়েছে, এমনকি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণাকারী ভুট্টোরও, কিন্তু ...
তাহলে ‘দুই ইকামতে দ্বীনে’ পার্থক্য কোথায়! পার্থক্য এই যে, তাদের মতে, দ্বীন ও ইকামতে দ্বীন শুধু এরই নাম। আর শরীয়াতের দৃষ্টিতে খানকাহের আধ্যাত্মিক সাধনাও ইকামাতে দ্বীন। মাদারিসের দরস ও তাদরীস, এটাও একামতে দ্বীন। তাবলীগ জামাতের নিরীহ আন্দাযের যে দাওয়াত, সেটাও ইকামাতে দ্বীন। এক কথায় সাংগঠনিক আন্দোলন যেমন ইকামতে দ্বীন, অস্ত্রহাতে জিহাদও তেমনি ইকামতে দ্বীন, আবার আধ্যত্মিক মুজাহাদাও ইকামতে দ্বীন। আরদে মুকাদ্দাসার জন্য হযরত মুসা আ. এর জিহাদ যেমন ইকামাতে দ্বীন, তেমনি আল্লাহ্র ডাকে তোর পাহাড়ের নির্জনতায় চল্লিশ দিনের চিল্লাও ইকামতে দ্বীন! বদর অহূদ যেমন ইকামাতে দ্বীন, হেরাগুহার নির্জনবাসও তেমনি ইকামাতে দ্বীন!
ইহুদী বালক, যিনি আল্লাহ্র নবীর ছোট ছোট খেদমত করতেন, তিনি যখন মৃত্যুশয্যায়, আল্লাহ্র নবী তাকে দেখতে গেলেন, আর বললেন, কালিমা পড়, আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আন। বালক, পিতার দিকে তাকালেন, আর পিতা বললেন, আবূল কাসিমের কথা মান্য কর। ইহুদী বালক ঈমান আনলেন, আর মারা গেলেন। এই মূত্যুপথ যাত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা, এর কী নাম হবে! এই যে মৃত্যুর সময় হযরত আবূতালিবের প্রতি আকূতি, চাচা, একবার শুধু কালিমা বলুন, যাতে আপনার জন্য সুফারিশ করতে পারি, এর কী নাম হবে! হযরত আবূবকর রা.র অশিতিপর বৃদ্ধ পিতা আবূকোহাফাকে ঈমান আনার যে দাওয়াত, এর কী নাম হবে! রাষ্ট্রক্ষমতা অর্জন করে আইনের মাধ্যমে যেমন ইকামাতে ছালাত, তেমনি বে-নামাজিকে বুঝিয়ে শুনিয়ে, হাতে পায়ে ধরে, মসজিদে এনে নামায পড়ানো, এটাও ইকামাতে ছালাত ও ইকামাতে দ্বীন!
আমরাই একমাত্র একামাতে দ্বীন, আমরাই ময়দানের হিরো, অন্যরা সব ঘরের যিরো! এটা সঠিক চিন্তা নয়, আত্মঘাতী চিন্তা! হযরত উছমান রা. বদরে যেতে পারেননি কেন? ঘরে অসুস্থ স্ত্রীর সেবা করার জন্য! হযরত উয়াইস কারনী রহ. আল্লাহ্র নবীর যিয়ারাতের জন্য মদীনায় আসতে পারেননি কেন? রহমাতুল্লাহি আলাইহির স্থানে রাদিয়াল্লাহু আনহু হতে পারেননি, কেন! মায়ের সেবার জন্য! আল্লাহ্র নবী ছাহাবীকে বলেছেন— فـفـيـهما فـجاهد তোমার জিহাদ গাযওয়ায় নয়, তুমি মা-বাবার কাছে ফিরে যাও, তাদের সেবার মাধ্যমেই জিহাদ কর। এগুলোর কী ব্যাখ্যা!
জামায়াতের এম পি, যার নামের সঙ্গে রয়েছে মুফতী! কত ভাল হত, আচরণে উচ্চারণে একটু যদি সংযত হতেন! ইকামাতের গুণে গুণে তিনি তেত্রিশটা অর্থ বলেছেন, তারপর বলেছেন, তার পছন্দের অর্থ কোনটি! ব্যস, কিচ্ছা খতম! একামাতে দ্বীনের আর কোন অর্থ বলার কোন সুযোগ নেই। এটা কি একনায়কত্বের মধ্যে পেড়!
আচ্ছা মুফতী ছাহেব, আমি নিরীহ মানুষ জিজ্ঞাসা কি করতে পারি, আপনাদের দলীয় লগোতে ‘আল্লাহ্’ এই মহান শব্দটি ছিল, আর ছিল আকীমুদ্দীন! এটা গ্রহণ করেছেন আপনারা স্বেচ্ছায়, সজ্ঞানে! কেউ আপনাদের উপর চাপিয়ে দেয়নি! গ্রহণ করা তো আপনাদের ইচ্ছাধীন ছিল, কিন্তু আল্লাহ্র নাম সরিয়ে দেয়া! এ দুঃসাহস করার কী সুযোগ আছে! তাহলে আওযামী লীগ কী দোষ করেছে সংবিধান থেকে বিসমিল্লাহ সরিয়ে!
দোহাই আল্লাহ্র! জবাব দেয়ার জন্য মুখিয়ে না থেকে, একটু শান্ত মস্তিষ্কে চিন্তা করুন, হোদাবিয়ার সন্ধিতে, আল্লাহ্র নবী কাফিরদের অনড় মনোভাবের জন্য, রক্তপাত রোধের খাতিরে, ‘রাসূলুল্লাহ্’ শব্দটি সরিয়েছিলেন। আপনাদের সামনে কোন্ মহান উদ্দেশ্য ছিল! নিবন্ধন যাওয়ার ভয়, না নিবন্ধন লাভের আশা! নতুন লগো প্রকাশের সময় ও স্থান কী ছিল! স্পেনের রাষ্ট্রদূত এসেছেন জামায়াতের কার্যালয়ে, আমীরে জামায়াতের সঙ্গে সৌজন্যসাক্ষাতের জন্য! (তারিখটা ছিল সম্ভবত ২৫ শে সেপ্টেম্বর ২০২৫খৃ.) বলুন তো সময় ও স্থান কতটা উপযোগী ছিল!
নতুন লগো আনার অনুকূলে যত যুক্তি দিয়েছে জামায়াত শাবাকায় আছে, নতুন করে কিছু বলার নেই! যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমার জিজ্ঞাসা শুধু তাদের কাছে, লগো পরিবর্তন এতই যদি কল্যাণকর হয় তাহলে মাত্র একদিন পরই কেন তা আবার সরিয়ে ফেলা হল এবং আগের লগো ফিরিয়ে আনা হল! কেউ কি আমাকে বুঝিয়ে বলবেন, জামায়াত যা করছে তা কি ইকামাতে দ্বীনের রাজনীতি, না রাজনীতির ইকামাতে দ্বীন! আপনাদের যা ইচ্ছা করুন, আমাদের সান্ত্বনা এই যে, আমরা গরীবানা হালাতে ইকামাতে দ্বীনের উপর আমলের চেষ্টা করি, না ইকামাতে দ্বীনের রাজনীতি করি, না রাজনীতির ইকামাতে দ্বীন করি। একভদ্রজন বলেছেন, দ্বীন সম্পর্কে খতীবকে জিজ্ঞাসা করা, আর তাসলীমা নাসরীনকে জিজ্ঞসা করা একই কথা!
আপনার ভাষার অসৌজন্য ক্ষমা করে বলছি, না, জনাব, আপনি নিজেও জানেন, একথা সত্য নয়! আমি বলব না, এ কথা আপনি ফিরিয়ে নিন! তবে আপনি যে প্রশ্ন করেছেন, ‘জামাত শুধু একা একামাতে দ্বীনের কথা বলে, আপনারা বলেন না কেন!’
জনাব, আপনার অবগতির জন্য বলছি, জাতীয় মসজিদের খতীব তাঁর অবস্থান থেকে স্পষ্ট ভাষায় সরকার ও প্রশাসনকে বলেছেন, যদি আল্লাহ্র যমীনে আল্লাহ্র দ্বীন কায়েমের কথা বলতে লজ্জা পান তাহলে...!
জনাব, এখানেও কি আপনি লজ্জা পাবেন না, অসত্য কথনের জন্য! শুনুন, আপনারা যখন গণতন্ত্রের নির্বাচন নিয়ে ব্যস্ত, তখন বাইতুল মোকাররামের মেহরাব থেকে গর্জন উঠেছে, ‘গণতন্ত্র এখন ব্যর্থপ্রমাণিত, এখন শান্তি আসবে শুধু আল্লাহ্র যমীনে আল্লাহ্র দ্বীন কায়েম দ্বারা!’ জনাব, এবার অন্তত বলুন, ‘দুঃখিত’!
কাউমী থেকে যাওয়া তরুণ মাওলানা, লগো বিতর্কে কী বললেন! ‘যখন লগোতে আল্লাহ্ ও আকীমুদ্দীন ছিল, তখন হুযূররা বলতেন, এই দেখ কত বড় গোমরাহী! লগোতে এনেছে আয়াত ও আল্লাহ্র নাম! তারপর যখন জামায়াত তার লগো থেকে এটা বাদ দিল তখনো হুযূররা বলতে থাকলেন, এই দেখ, কত বড় গোমরাহী! লগো থেকে আল্লাহ্ বাদ, ইকামাতে দ্বীন বাদ!
জনাব, আপনি তো কাউমীতে লেখা পড়া করা মাওলানা, আপনি কেন এমন ‘শিশুতোষ’ কথা বলবেন, লগোতে যদি আয়াত থাকে, আল্লাহ্র নাম থাকে, থাকলে কেউ যদি গোমরাহ বলে, সে কথায় আপনি কেন কান দেবেন! কান দিয়ে লগো থেকে কেন সববিদায় করবেন! বিদায় যখন করলেনই, কার কথায় একদিন পরে আবার ফিরিয়ে আনলেন! এটা গোমরাহি নয় তো কী! কর্মকুশলতা!
‘আমাদের বেলা পাপ, দেবতার বেলা লীলাখেলা!’
জামায়াতের অতি পুরোনো কৌশল হল, মওদূদীদ যা কিছু বলেছেন ‘(ইছমেত আম্বিয়া সম্পর্কে, মাকামে ছাহাবা সম্পর্কে এবং মুআবিয়া সম্পর্কে) তা তো নতুন কোন কথা নয়! তার আগে বড় বড় আলিম এসব কথা বলেছেন। তাদের দোষ হল না, নিজেদের লোক হওয়ার কারণে; দোষ হল শুধু মওদূদীর বেলা!’
বুঝতে পারি না, হাসব না কাঁদব! হাসতে গিয়েও দেখি কান্না এসে যায়!
আমাদের সালাফ যে যত বড় ব্যক্তিই হোন, মানুষ হিসাবে, যখনই তাঁর কোন ভুল প্রকাশ পেয়েছে। যমানার আহলে ইলম, সঙ্গে সঙ্গে সতর্ক করেছেন, ‘এটা সঠিক নয়, এটা ভুল, এটা তার শুযূয, তাসামুহ!’ তো কিতাবের কথা যেহেতু কিতাবেই ছিল; আওয়ামের কাছে আসেনি, তাই বর্তমান যুগের কোন আলিম অপ্রয়োজনে কলম ধরেননি। কিন্তু সেই পুরান কথা মওদদী ছাহেব যখন নতুন করে কিতাব থেকে মাঠে ছেড়ে দিলেন, আর বিনা প্রতিবাদে তার লাখ লাখ ভক্ত তা মেনে নিল। তখন উলামায়ে উম্মতকে নয়া যামানার নয়া ফেতনা রোধ করার জন্য কলম ধরতেই হল। তারা নিন্দা-গালির পরোয়া না করে সত্য প্রকাশ করেছেন এবং গোমরাহী তুলে ধরেছেন। বর্তমান আমীরে জামাতের ভাষায় যদি বলি, ওলামায়ের উম্মতের সর্বকালীন নীতি হল, যেমন ফেতনা তেমন দাওয়া; বেশীও না কমও না! যেহেতু সে যুগের কিতাবি বক্তব্য কিতাবেই ছিল, তাই প্রতিবাদের ‘নাপা’ দিয়েই তাঁরা চিকিৎসা করেছেন, কিন্তু মওদূদীর কলম তো লক্ষ মানুষের দ্বীন-ঈমান ও আকীদার জন্য ভয়ঙ্কর ফেতনা হয়ে সামনে এসেছে, তাই নাপা-প্যারাসিটামলের পরিবর্তে এখানে তারা ‘এন্টিবায়োটিক’ প্রয়োগ করেছেন! তাতেও যখন কাজ হয়নি, তখন রীতিমত অপারেশন ও অঙ্গকর্তন দ্বারা চিকিৎসা করেছেন, করতে বাধ্য হয়েছেন। এটা তো বরং ওলামায়ে উম্মতের হক্কানিয়াতের দলীল যে, যখন যতটুকু প্রয়োজন তখন তারা ততটুকুই বলেন, প্রয়োজন থেকে বেশীও না, কমও না। মওদূদী ছাহেব যতদিন ভুল কথা বলা শুরু করেননি ততদিন মওদূদী ছাহেবকে তারা সমর্থনই করেছেন, বিরোধিতা করেননি। বর্তমান প্রজন্ম হয়ত জানে না, বড় বড় আলিম কীভাবে তাঁর সঙ্গে জামায়াতের আন্দোলনে শরীক হয়েছিলেন। তারপর যখন তার কলম ভুলপথে চলতে লাগল তখনো (বর্তমান আমীরে জামায়াতের পরামর্শ অনুযায়ী) আলিমগণ প্রকাশ্যে কলম ধরেননি। একান্তে তাকে বুঝানোর চেষ্টা করেছেন যে, কত বড় ভুল তিনি করছেন! তাতে উম্মাহ্র ক্ষতি তো আছেই, তার নিজের এবং জামায়াতের কত বড় ক্ষতি হতে পারে! কিন্তু কিছুতেই কিছু হল না! তখন তারা প্রকাশ্য প্রতিবাদ না করে জামায়াত থেকে আলাদা হয়ে গেলেন। তখনো তারা কলম ধরেননি এ আশায় যে, হয়ত মওদূদী ভুল বুঝতে পারবেন এবং উম্মতের সর্বনাশা ক্ষতির পথ থেকে ফিরে আসবেন। কিন্তু না, তার কলম ভুলের পর ভুল করেই চলল। তখন অনন্যোপা- য় হয়ে দীর্ঘ নীরবতা ভঙ্গ করে আলিমগণ কলম ধরলেন এবং উম্মতকে ‘মওদূদী ফেতনা সম্পর্কে’ সতর্ক করে দায়মুক্ত হওয়ার চেষ্টা করলেন। ...
জামায়াতপ্রধান এতদিনে বোধহয় কৌশলটা ধরতে পেরেছেন, তাদেরই একভদ্রজন ঠিকই বলেছেন, ‘কানে শুনেও বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর কথা কেউ বলতে পারে!’ আমি অবশ্য বলি, এর চেয়েও ভাল কথা বলা সম্ভব! যা কঠিন তা হল ভাল কাজ করা। দেখুন, জামায়াতপ্রধান বলেছেন, ‘আলিমের মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে! আলিম, তিনিও মানুষ! তারও ভুল হতে পারে। তো তিনি যদি ‘পাবলিক ফিল্ডেও’ আমাদের বিরুদ্ধে কিছু বলে ফেলেন, তাহলে দোহাই, আপনারা কিন্তু পাবলিক ফিল্ডে মুখ খুলবেন না! আপনারা বরং তার সঙ্গে একান্তে....
ভাল মানুষের কত ভাল কথা! প্রশ্ন হল, তার দলের কেউ কি এর উপর আমল করেছেন! এই যে দলের এমপির মুখ থেকে, দলের মুফতির মুখ থেকে ‘গালিয়াতের’ সায়লাব চলেছে, কাউকে কী বলা হয়েছে, থামো! খামোশ!
ওদিকে কাউমী মাদরাসার মুফতী, আখলাক টিভিওয়ালা বলছেন, জামায়াতপ্রধানের পক্ষ হতে তিনি ‘একাডেমিকলি’ ওয়াদা করছেন, কাউমী আলিমদের সম্মান তিনি রক্ষা করবেন! ...
জনাব, আমাদের সম্মান নিয়ে কাউকে ভাবতে হবে না! দ্বীনের জন্য যে কোন যিল্লতি বরদাশত করতে আমরা প্রস্তুত! আমাদের নবীজী তো مـجنون পর্যন্ত শুনেছেন!
ছাহাবাযুগ থেকে আজতক শুনে আসছি, ‘পয়সা দেয়া বন্ধ করে দাও, তাহলেই সব ছত্রভঙ্গ হয়ে যাবে!’
তবে হাঁ, ‘ফকিরনী’ বলা বাচ্চাটাকে একটু বুঝিয়ে বলুন, এভাবে ঘাটে বাজারে নিজের মায়ের পরিচয়টি যেন কলুষিত না করে! যে কারো মাকে আমরা সম্মানের চোখে দেখতে চাই!
আচ্ছা, আপনিই বলুন, বাজারি কথার কী কোন উত্তর হয় এবং উত্তর দিতে রুচি হয়! ঐ দলের এক ‘কাউমী মুফতী’ আফসোস করছেন এই বলে যে, আলিমরা না পড়ে, না বুঝে মওদূদী সম্পর্কে বলে যে, তিনি নাকি ছাহাবা বিদ্বেষী! আরে, আমি তো দেখি, জামায়াত-শিবিরের ছাহাবাপ্রেম আমাদের চেয়ে বহুগুণ বেশী! ...
এমন হলে বিশ্বাস করুন, আমরাই সবচে বেশী খুশী হব! কিন্তু আমাকে বুঝিয়ে বলুন, হযরত উছমান রা., হযরত মুগীরা রা., হযরত আমর ইবনুল আছ রা. এবং হযরত মু‘আবিয়া রা. সম্পর্কে যা যা তিনি বলেছেন (এবং তারা বলেন,) তা কি ছাহাবাপ্রেম বলে বিশ্বাস করা যায়! এটা প্রেম হলে বিদ্বেষ কার নাম, কেউ কি বলবেন দয়া করে!
তিনি নাকি নিজের পক্ষ হতে কিছু বলেননি, যা বলেছেন, ইবনে কাছীর, তাবারী প্রমুখের হাওয়ালা দিয়ে বলেছেন!...
প্রথম কথা হল, তার মত জ্ঞানী কি জানেন না, ইতিহাস কতটা রাজহাঁস, আর কতটা পাতিহাঁস! ঐসব কিতাবের হাওয়ালায় হযরত আলী রা.র যে চিত্র উঠে আসে, তা কি জনাব মওদূদীর পছন্দ হবে! ...
মওদূদী সাহেব আদালাতে ছাহাবার বড় আজীব ব্যাখ্যা দিয়েছেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত রাজনীতি ও শাসনক্ষমতার ক্ষেত্রে তঁারা আদালতের আওতায় ছিলেন না, তাঁদের আদালত সীমাবদ্ধ ছিল শুধু হাদীছ বর্ণনার ক্ষেত্রে! অর্থাৎ রাজনীতিতে তাঁদের কারো কারো শঠতা ছিল, সওদাবাজি ছিল... হাদীছের বয়ানে তারা বিলকুল পাকছাফ ছিলেন।....
এখানেও সেই একই কথা, হাসব না কাঁদব, বুঝতে পারি না, তবে হাসতে গিয়েও কান্না এসে পড়ে! তঁার চেয়ে তো পরের প্রজন্মকে আমার মনে হয় বেশী হুঁশিয়ার! তারা সাফ বলে দিয়েছেন, হাদীছটাই ছহী নয়! আবার বলেছেন, হযরত মু‘আবিয়ারা তো ছাহাবীই ছিলেন না, ছাহাবার যে স্বীকৃত সংজ্ঞা তারা তো সেই সংজ্ঞার আওতায় পড়েনই না! ...
তাহলে সজ্জনদের কাছে অনুরোধ, অন্তত এখানে মওদূদী ভুল করেছেন, বলুন! আদালতে ছাহাবার অদ্ভূত ব্যাখ্যা দিয়ে এবং ‘মুআবিয়াদের ছাহাবী মেনে নিয়ে! তাহলে অন্তত জীবনে একবার তঁার একটামাত্র ভুল প্রমাণিত হতে পারত!
ভদ্রলোক সম্ভবত মুফাস্সিরীন মজলিসের দায়িত্বশীল। তার মতে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসঊদ রা. দুই কুল কোরআনের অংশ বলে মনে করতেন না! কী ভয়ঙ্কর অভিযোগ, কী নির্দয় অপবাদ! এগুলো কি তাদের প্রথম আবিষ্কার! ওলামায়ে উম্মতের কি এগুলো জানা ছিল না! কিন্তু কথা হল, এগুলো কি ‘পাবলিক ফিল্ডে’ বলার কথা! খায়রুল কুরূন থেকে আজ পর্যন্ত ওলামায়ে উম্মত কি এ অপবাদের মুখোশ উন্মোচন করেননি! কিন্তু এ সবকথা আম মানুষের সামনে কেন! একেই কি বলে ছাহাবাপ্রেম! ছাহাবাদের পক্ষসমর্থন!
তার আর দোষ কী! তাদের মুরুব্বি নিজেই তো ‘গবেষণা’ করে এ আবর্জনা ছড়িয়েছেন। মনে হল, তিনি প্রতিজ্ঞা করে নেমেছেন হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসঊদের ভ্রান্তি সাব্যস্ত করে তবেই ক্ষান্ত হবেন!
আচ্ছা, মউদূদী ছাহেবের বিরুদ্ধে যদি গুরুতর কোন অভিযোগ ওঠে। আর আপনার কাছে পক্ষে বিপক্ষে দুই রকম যুক্তি থাকে। এ অবস্থায় মউদূদী ছাহেবের দুশমন কী করবে, আর আপনি কী করবেন! ....
আবর্জনা যেহেতু সামনে আনা হয়েছে, এ আবর্জনা দূর করার দায়িত্ব তো আমাদেরই বহন করতে হবে, যতই অনিচ্ছা থাক! ঠিক আছে, আল্লাহর উপর ভরসা করে উপযুক্ত জবাব ইনশাআল্লাহ্ সামনে আসছে।
যা লিখেছি, বড় কষ্টের অনুভূতি নিয়ে লিখতে হয়েছে। লেখার ছিল আরো অনেক কিছু! কিন্তু লেখার ইচ্ছাটাই অন্তর থেকে উধাও হয়ে গিয়েছে। তাই এখানেই কলম রাখছি। কামনা করি, আর যেন এমন বিষয়ে কলম ধরতে না হয়। ...
জনাব, আপনার প্রতি ছোট্ট একটি অনুরোধ আছে, আমার একটা লেখা আছে, ‘আমি যদি শিখতে চাই (ক্ষুদ্র পিপিলিকাও আমাকে শেখাতে পারে।), আমি যদি শিখতে না চাই (আসমান থেকে নেমে আসা কিতাবও আমাকের শেখাতে পারে না।) সম্ভব হলে তালাশ করে লেখাটি পড়ুন, হয়ত...
একটা কথা বলেই ইতি টানি, ইসলামকে সামনে রেখে যারাই কথা বলবেন, তাদের কর্তব্য হবে, —আমি, আপনি, তিনি সবার কর্তব্য হবে— অন্তরে সেই দরদব্যথা ও অস্থিরতার কিছু ছায়া ও ছাপ ধারণ করা, যা নীচের হাদীছটি মযমূন থেকে অনুভূত হয়—
‘আমার মেছাল হল ঐ মানুষের মত যে আগুনের কাছে দাঁড়িয়ে আছে। পতঙ্গদল তাতে ঝাঁপ দিতে চায়। আর লোকটি দু’হাত দিয়ে প্রাণপণ চেষ্টা করতে থাকে আগুন থেকে তাদের ফিরিয়ে রাখতে, কিন্তু তারা তার আঙুলের ফাঁক গলিয়ে আগুনে ঝাঁপ দেয়, আর জ্বলে পুড়ে ভষ্ম হয়।....’