اَللَّهُمَّ أَلْـهِـمْنا مَـراشِدَ أُمُورِنَــا আমার পেয়ারে তালিবানে ইলম!
السلام علـيكم ورحـمـة الله وبـركاتـه
আশা করি আল্লাহ্র রহমতে তোমরা বা-সালামাত আছ এবং সাধ্যমত ইলম, আমল, আখলাক ও আফকারের পথে সফর অব্যাহত রেখেছ। আল্লাহ্ যেন ভরপুর তাওফীক দেন এবং যামানার সমস্ত ফিতনা-ফাসাদ থেকে নিরাপদ রাখেন, আমীন।
এই মজলিসে যারা উপস্থিত তাদের মধ্যে বয়স ও বুদ্ধির বিচারে বেশ তারতম্য রয়েছে। (মক্তবের শিক্ষককে উদ্দেশ্য করে) এই যে মা‘ছূম বাচ্চাটি, এর বয়স কত! সাড়ে ছয়...
আচ্ছা, একটা কথা; বাচ্চাটির বয়স সম্পর্কে ওকে জিজ্ঞাসা না করে তোমাকে জিজ্ঞাসা করলাম; কেন বল তো? কারণ, বাচ্চাকে বয়স জিজ্ঞাসা করলে সাধারণত সে মায়ের দিকে তাকায়, আর মা বয়স বলে দেন। এমনকি বাবাকে জিজ্ঞাসা করলেও তিনি স্ত্রীর দিকে —বাচ্চার মায়ের দিকে— তাকান। এটা আমার নিজের তাজরাবার কথা বলছি। ব্যতিক্রম হতে পারে। তবে সাধারণত বাচ্চার বয়সের খবর বাচ্চার কাছে থাকে না, বাবার কাছেও না; মায়ের কাছে থাকে। কারণ সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক তো নাড়ির সম্পর্ক, বেদনার সম্পর্ক। সন্তান হয়ত বোঝে না! সন্তানের বাবা হয়ত...!
তো এখানে তো বাবা ও মায়ের স্থানে আছে তুমি শিক্ষক! পিতৃত্বের স্নেহ ও মাতৃত্বের মমতা, অন্তত এর ছায়া আমি শিক্ষকের মধ্যেই দেখতে চাই এবং পেতে চাই। এজন্য তোমার কাছেই জানতে চাইলাম, বাচ্চাটির বয়স কত!
যাক, বাচ্চাটির বয়স হল সাড়ে ছয় বছর, তো ছয় থেকে দশ বছরের বাচ্চা এখানে অনেক। বিশ থেকে পঁচিশ বছরের যুবক তালিবানে ইলমও যথেষ্ট। এমনকি তোমরা যারা শিক্ষক পরিচয় ধারণ কর, তোমাদের বয়স তো ত্রিশ থেকে চল্লিশের মধ্যে! মাওলানা ইউশার বয়স তো চল্লিশেরও উপরে!
তো যারা আমার মুখাতাবীন ও সম্বোধনপাত্র, তাদের বয়সে যেমন বিস্তর পার্থক্য, তেমনি বোধ ও বুদ্ধিতেও যথেষ্ট ব্যবধান। এ অবস্থায় সবার বয়স ও বুদ্ধির পার্থক্য বিবেচনা করে একই বিষয়ে একই মযমূন বয়ান করা বেশ কঠিন। তবে আল্লাহ্ যদি সাহায্য করেন, আল্লাহ্ যদি সহজ করেন তাহলে...
আচ্ছা, এবার আসল প্রশ্ন; তোমরা কি মাদরাসাতুল মাদীনাহ্ চেন? মাদরাসাতুল মাদীনাহ্ দেখেছ? মাশাআল্লাহ্, যেমন আশা করেছিলাম তেমনি স্বতঃস্ফুর্ত উত্তর! অবশ্য বড়দের তুলনায় আমার মা‘ছূম বাচ্চাদের উত্তর ছিল অনেক বেশী সজীব সতেজ। সুধারণা করি, হয়ত বড়রা দ্বিধায় পড়ে গিয়েছিল যে, প্রশ্নের উদ্দেশ্য কী? তাই উত্তরের মধ্যে দ্বিধার ছাপ ছিল। যাই হোক, ছোট বড় তোমরা সবাই মাদরাসাতুল মাদীনাহ্ চিনেছ এবং দেখেছ, তবে এটা হল চোখের দেখা এবং চোখের চেনা।
যদি জানতে চাই, কোথায় তোমাদের চেনা ও দেখা মাদরাসাতুল মাদীনাহ্! মা‘ছূম বাচ্চারা সরল মনে বলবে, এই যে সাইকেল চালাই; দোলনায় দোল খাই... এটাই তো মাদরাসাতুল মাদীনাহ্! বুদ্ধিতে যারা আরেকটু এগিয়ে তারা বলবে, এই যে ফুলের বাগান! এই যে সন্ধ্যার পরে রঙ্গিন বাতি, আলোঝলমল মাঠ, এটাই তো মাদরাসাতুল মাদীনাহ্!
একটু বড় যারা তারা বলবে, এই যে সুন্দর মসজিদ, সুন্দর ভবন, ফুলে সবুজে মনোরম ও পরিচ্ছন্ন প্রাঙ্গণ, এটা হল মাদরাসাতুল মাদীনাহ! যাদের দেখার দৃষ্টি আরো প্রসারিত তারা মাকতাবা ও কুতুবখানার কথাও বলবে! فـيها كتب قـيمـة তাতে রয়েছে মূল্যবান ও দুষ্প্রাপ্য বহু কিতাব ও গ্রন্থ। তবে তোমাদের দৃষ্টিতে এটা মাদরাসাতুল মাদীনাহ্ হলেও শিশুদের অবুঝ চোখে কিন্তু তা নয়। তাদের চোখে মাদরাসাতুল মাদীনাহ্ হল খেলার মাঠ ও ফুলের বাগান। তার মানে ছোটদের চোখ এবং বড়দের দৃষ্টি, দুয়ের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ছোটদের মাদরাসাতুল মাদীনাহ্ বড়দের বোঝার কথা না, আবার বড়দের মাদরাসাতুল মাদীনাহ্ ছোটদের বোঝার কথা না; তবে আমার প্রতি আল্লাহ্র বড় দয়া ও মেহেরবানি যে, শিশুদের চোখের ভাষা ও মনের ভাবনা আমি বুঝি; আবার বড়দের দৃষ্টির ব্যাপ্তি ও হৃদয়ের অনুভব-অনুভূতিও বুঝতে পারি। সুতরাং শিশুদের অবুঝ চোখে দেখা মাদরাসাতুল মাদীনাহ্ যেমন আমি দেখি তেমনি দেখি বড়দের গভীর দৃষ্টিতে দেখা মাদরাসাতুল মাদীনাহ্!
আচ্ছা, এবার প্রশ্নটির আরো গভীরে প্রবেশ করি। প্রথমে মক্তবের বাচ্চারা বল, সাইকেল আছে, দোলনা আছে, ফুলের বাগান আছে, মক্তবের ভবন আেছ, কিন্তু তোমরা নেই! তাহলে কি শুধু এগুলো মাদরাসা হবে! মাশাআল্লাহ্ তোমরাই তো বললে, জ্বি না!
এবার বড়দের বলি, ধর, মূল্যবান সব কিতাবে সমৃদ্ধ বিশাল কুতুবখানা আছে! কিন্তু কিতাব খুলে দেখার মত, ফায়দা হাছিল করার মত কেউ নেই। না শিক্ষক, না শিক্ষার্থী, কেউ নেই। এটা কি মাদরাসা! তাহলে মাদরাসা আসলে কাকে বলে? তালেবানে ইলমের মাজমা, শিক্ষক ও শিক্ষার্থীর সমাবেশ, এটাই হল মাদরাসা! এটাই হল তোমাদের দেখা মাদরাসাতুল মাদীনাহ্!
তো এতক্ষণ যে মাদরাসার কথা বলা হল সেটা হল শিশুদের চোখে দেখা মাদানী মক্তব এবং বড়দের দৃষ্টিতে দেখা মাদরাসাতুল মাদীনাহ্; এটা তোমরা যেমন দেখ আমিও দেখি। তবে একটা মাদরাসাতুল মাদীনাহ্ ও মাদানী মক্তব আছে আমার কল্পনার জগতে এবং আমার স্বপ্নের ভুবনে! আমার কল্পনার যে মাদানী মক্তব তার শিশুরা অন্যরকম! তাদের আচরণ ও উচ্চারণ অন্যরকম, তাদের চিন্তা ও চরিত্র ভিন্নরকম। আমার স্বপ্নের যে মাদরাসাতুল মাদীনাহ্ তার তালিবানে ইলম, তার শিক্ষক ও শিক্ষাথীর্, ইলমে আমলে, আখলাকে, আফকারে, সবকিছুতে তারা অন্যরকম। আমাদের চোখের সামনে বাস্তবের যে মাদানী মক্তব, যে মাদরাসাতুল মাদীনাহ্ সেখানে মাঝে মধ্যেই অনেক কষ্টের এবং বেদনার ঘটনা ঘটে। মক্তবের কোন কোন শিশু মন্দ শব্দ উচ্চারণ করে, যা সে নিজের ঘর থেকে, পরিবেশ থেকে এবং বস্তি থেকে শিখে এসেছে। এমনকি এক শিশু আরেক শিশুর গায়ে হাত তোলে। আরো অনেক কিছুই হয়, হতে থাকে। আমাদের বাস্তবের মাদরাসাতুল মাদীনায় (এবং অন্যান্য মাদরাসায়ও)
এমনও ছাত্র আছে, খুব কষ্টের
সঙ্গেই বলে থাকি, যার সামান্য সময়ের সঙ্গ ও ছোহবত একজন ভাল তালিবে ইলমের যিন্দেগির বরবাদির জন্য যথেষ্ট। আল্লাহ্ তো ‘সাত্তারুল উয়ূব’, তিনি আমাদের আয়ব ও দোষ-কলঙ্ক সতর করেন; ঢেকে রাখেন, তবে মাঝে মধ্যে এমন ঘটনা প্রকাশ পেয়ে যায় যে, লজ্জায় মাথা নত হয়ে আসে। তারপরও মক্তব মাদরাসা চলছে, চলতে হবে। নইলে তো শিক্ষা ও দীক্ষার যতটুকু আলো আছে তাও নিভে যাবে। সর্বগ্রাসী অন্ধকারে সমাজ ডুবে যাবে। পুলিশ বাহিনীর মধ্যে দোষ ও কলঙ্ক কি কম! কিন্তু সমাজের স্থিতি ও নিরাপত্তার জন্য পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। তো আমাদের বাস্তবের মাদরাসাতুল মাদীনায় (আবারও বলছি, কোন মাদরাসাই দুঃখজনকভাবে এর ব্যতিক্রম নয়) সামান্য কিছু আলো অবশ্যই আছে, তবে অন্ধকারও অনেক।
পক্ষান্তরে আমার কল্পনার মাদানী মক্তবে, আমার স্বপ্নের মাদাসাতুল মাদীনায় শুধু আলো আর আলো, ভালো আর ভালো। এখানে সবাই সবাইকে ভালোবাসে! স্নেহ করে, শ্রদ্ধা করে। প্রতিটি শিশু, প্রতিটি তালিবে ইলম এখানে আচরণে উচ্চারণে স্নিগ্ধ ও পবিত্র। যে মাদানী মক্তব আমি কল্পনা করি, প্রতিটি শিশু সেখানে শিশু ফিরেশতা! যে মাদসাতুল মাদীনাহ্ আমি স্বপ্নে দেখি, এককথায় সেখানে সবাই ‘মাটির ফিরেশতা’।
من النجوم إلى الأرض
(তারকালোক থেকে দেখা পৃথিবী)
লেখাটি পড়েছ না! আমার প্রাণপ্রিয় হযরত আলী নাদাবীর কল্পনা ও স্বপ্ন কত সুন্দর, কত মধুর ও পবিত্র! এই ফিতনার যুগে, এই অন্ধকার পৃথিবীতে বাস করেও তিনি যে ‘আলমাদীনাতুল মুনাওয়ারাহ্’ কল্পনা করেছেন, সুদূর অতীতের যে নূরানী মাদীনাহ্র স্বপ্ন দেখেছেন, চোখের দেখা বাস্তব থেকে তা কত ভিন্ন! আমাদের চোখের দেখা মাদরাসাতুল মাদীনাহ্ এবং আমার স্বপ্নের মাদরাসাতুল মাদীনাহ্ সম্পর্কেও একই কথা! কল্পনা ও বাস্তবতা যেন দুই মেরু! আসলে জীবনের সবক্ষেত্রেই এটা সত্য।
প্রত্যেক মা ও বাবা যে সন্তান কল্পনা করেন, যে সন্তানের স্বপ্ন দেখেন, আর চোখের সামনে বাস্তবে যে সন্তান দেখতে পান, অনেক সময়, বরং বেশীর ভাগ সময় তাতে মিল থাকে না। বাস্তবের সন্তান —আল্লাহ্ না করুন— অনেক সময় এমন কষ্ট দেয়, এমন যন্ত্রণা দেয় যে, হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়, অথচ যে সন্তান তারা কল্পনা করেন, যে সন্তানের তারা স্বপ্ন দেখেন সে সন্তান তাদের চক্ষু শীতল করে। নিজের বুকে হাত রেখে তুমিই বিচার কর। এটা মক্তবের ছোটরাও করতে পারে, বড়রাও করতে পারে। বিচার করে বল, তোমার মা, তোমার বাবা যে সন্তান কল্পনা করেন, যে সন্তানের স্বপ্ন দেখেন, সেই সন্তান কি তারা বাস্তবে পান? তুমি কি সেই কল্পনার, সেই স্বপ্নের বাস্তব রূপ! বাবার কল্পনার এবং মায়ের স্বপ্নের সন্তান অন্তরে যে শান্তি ও প্রশান্তি সৃষ্টি করে, তোমার দ্বারা সেই শান্তি ও প্রশান্তি কি তাদের অন্তরে আসে!১ এই দেখ তো, মক্তবের ছোটরাও মাথা নাড়ছে। অর্থাৎ আমার কথাগুলো কঠিন হলেও তারা বুঝতে পারছে। একটি শিশুর কথা শুনেছি। মাদানী মক্তবের শিশু, বিরতিতে মা-বাবার কাছে গিয়েছে। মা তো খুশিতে আনন্দে... তখনি তিনি রান্নাঘরে গেলেন, কতদিন পরে ছেলে বাড়ি এসেছে... রান্নাঘরে তো গরম!
(যিম্মাদার হুযূরকে লক্ষ্য করে) বাবা, কত যেন ছিল বাচ্চাটার বয়স? সাতবছর! তো সাতবছরের বাচ্চা বলে কী! আম্মু! এত গরমের মধ্যে আমার জন্য তুমি রান্নাঘরে এসেছ! আমার কিন্তু কষ্ট হচ্ছে! তুমি পাখার নীচে বস! তোমার সঙ্গে আমি মাদরাসার গল্প করব!
গল্পটা কী! আম্মু, আমাদের মাদরাসায় বড় তালিবে ইলমরা রান্না করা শেখে, বাড়ীতে গিয়ে তারা মাকে রান্না করে দেয়! আমিও বড় হয়ে রান্না শিখব, আর তোমাকে রান্না করে দেব! বল তো এমন সন্তান মায়ের জন্য কত শান্তি ও প্রশান্তির কারণ!
মাদানী মক্তবের আরেকটি ছেলের কথা শোন! মা-বাবাকে কষ্ট দেয়, দিতেই থাকে। কষ্টের কারণে মায়ের চোখে পানি এসে যায়। একদিন মক্তবে সে মায়ের ফযীলত শুনল, মায়ের কদমের নীচে সন্তানের জান্নাত! আগেও শুনেছে, কিন্তু অন্তরে আলোড়ন সৃষ্টি হয়নি, আজ আলোড়ন সৃষ্টি হয়েছে। ফোন করে মাকে বলল, আম্মু এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দাও। ... তাহলে কী হল, মা তার বাস্তবের সন্তানের মধ্যে হঠাৎ করে ঐ সন্তানের উদ্ভাস যেন দেখতে পেলেন যে সন্তানের স্বপ্ন তিনি দেখেছেন। তখন মায়ের আনন্দের পরিমাণ কি তুমি কল্পনা করতে পারছ!
আমার অবস্থাও আজ এমন হয়েছে। আমার চোখের সামনে যে মাদরাসা-তুল মাদীনাহ্, দিন-রাত তাতে এত কষ্ট, এত যন্ত্রণা যে, বুকটা শুধু ক্ষত -বিক্ষত হতে থাকে। কিন্তু আল্লাহ্র শোকর, আজ হঠাৎ করে বাস্তবের মাদরাসাতুল মাদীনায় আমার স্বপ্নের মাদরাসাতুল মাদীনাহ্র একটি আলোর ঝিলিক দেখতে পেলাম। দেখে এমনই আত্মহারা হলাম যে, তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এই মজলিস ডেকেছি। কালকে তোমরা তিনজন তালিবে ইলম হাসপাতালে গিয়েছিলে না, গরীব রুগীকে রক্ত দেয়ার জন্য! আমার আনন্দের কারণ কি শুধু এতটুকু! না, কারণ রক্ত দেয়ার জন্য তো আগেও তোমরা গিয়েছ, অন্য মাদরাসার তালিবে ইলমও প্রয়োজনে রক্ত দান করে। এটা অবশ্যই ভালো কাজ, বড় নেক আমল। আমার আনন্দের কারণ হল, রোগীর দেখভালের জন্য ওখানে একজন মহিলা ছিলেন, রোগীর বোন। তিনি উম্মে মুহম্মদকে ফোন করে বলেছেন, যারা রক্ত দিতে আসছিল তারা তো আসলে ফিরেশতা!
তো ঐগরীব মহিলার মুখে ‘ফিরেশতা’ শব্দটি, আমার অন্তর্জগতে এমন আলোড়ন সৃষ্টি করেছে যে...
আমার স্বপ্নের মাদরাসায় আমি তো এমন তালিবে ইলমকেই দেখতে পাই যাকে দেখে সমাজের মানুষ বলবে, ইনি তো মানুষ নন, ফিরেশতা!
ঘটনা হল, মহিলার খুব ক্ষুধা ছিল, কিন্তু সঙ্গে তো খাওয়ার মত পয়সা নেই। কিন্তু আমার মাদরাসার তালিবে ইলম তার চেহারা দেখে ক্ষুধার কথা বুঝতে পেরেছিল এবং...
চলবে ইনশাআল্লাহ্
তাহলে বুঝতে পেরেছ, মানুষ কীভাবে ফিরেশতা হয়! মানুষ যখন কারো চেহারা দেখে বুঝতে পারে ক্ষুধার কথা তখন সে ফিরেশতার স্তরে উঠে যায়। মাটির মানুষ শুধু নিজের ক্ষুধার কথা বুঝতে পারে, নিজের সন্তানের ক্ষুধাও বুঝতে পারে। মানুষ ও পশু দু’জনেই বুঝতে পারে নিজের ক্ষুধা এবং সন্তানের ক্ষুধার কথা। কিন্তু কারো চেহারা দেখে ক্ষুধার কথা বুঝতে পারা, এটা মাটির মানুষের কাজ না; এটা ‘মাটির ফিরেশতার কাজ!
তো দুধের পেয়ালা পান করতে করতে একসময় হযরত আবূ হোরায়রা রা. বললেন, আমি তৃপ্ত হয়েছি ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্র নবী বললেন, আরও পান কর। তিনি আরও পান করলেন, তারপর বললেন, আর পারি না ইয়া রাসূলাল্লাহ্! তখন আল্লাহ্র নবী পান করলেন এবং পুরোটাই পান করলেন। দুধের পেয়ালা ফুরিয়ে গেল। জালালের নবুয়তের স্থানে জামালে নবুয়তের প্রকাশ ঘটল। তো এই জামাল ও জালালের বিরাছাত বা উত্তরাধিকার অর্জন করার জন্যই হল মাদরাসাতুল মাদীনাহ্, আমার স্বপ্নের মাদরাসাতুল মাদীনাহ। অন্তর দিয়ে কামনা করি, স্বপ্নে দেখা মাদরাসাতুল মাদীনাহ্র পূর্ণ প্রতিফলন যেন ঘটে আমাদের চোখের দেখা মাদরাসাতুল মাদীনায়।
বল তো মা-বাবা কি এমন সন্তানের স্বপ্ন দেখেছিলেন, আমিও কি এমন তালিবে ইলম কল্পনা করেছি! এমন তালিবে ইলমের স্বপ্ন দেখেছি!