দেশ ও বিশ্ব
কেমন হবে জাতির শিক্ষাব্যবস্থা ও পাঠ্যপুস্তক
‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ এ মহামূল্যবান কথাটি এত বেশীবার বলা হয়েছে যে, এখন তা নিজের তাৎপর্য ও অন্তর্নিহিত মর্মই হারিয়ে ফেলেছে। কিন্তু সত্য তো চিরকালই সত্য! ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’ এটাও চিরকালের সত্য। যাকিছুর উপর জাতির অস্তিত্ব সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সেটাই হল জাতির মেরুদণ্ড। এখান থেকেই নতুন একটি সত্য বের হয়ে আসে যে, শিক্ষার উদ্দেশ্য কখনোই শুধু কর্মমুখী ও জীবিকা- মুখী হতে পারে না। শিক্ষার প্রধান উদ্দেশ্য হবে, জাতির বিশ্বাস ও চিন্তাচেতনা এবং জীবনদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করা এবং লালন করা। আগামী প্রজন্ম যাতে বিশ্বাসে ও দর্শনে এবং চেতনায় ও সংস্কৃতিতে সেভাবেই গড়ে ওঠে। জীবিকা যেহেতু জীবনের অনিবার্য প্রয়োজন সেহেতু উন্নত জীবন ও জীবিকার উপায় ও পন্থা অবশ্যই শিক্ষাব্যবস্থার লক্ষ্য হবে, তবে একমাত্র লক্ষ্য কিছুতেই নয়, এমনকি প্রধান লক্ষ্যও নয়।
শিক্ষাব্যবস্থাকে প্রজন্মের সামনে তুলে ধরার প্রথম অবলম্বন যিনি, তার নাম শিক্ষক। একসময় শিক্ষক শব্দটি শিক্ষার্থীর অন্তরে এমন ভক্তিশ্রদ্ধা সৃষ্টি করত, যার কোন তুলনা ছিল না। কোন শিক্ষককে সামনে দেখলেই শিক্ষার্থীর ইচ্ছা হত, পা ছুঁয়ে সালাম করি। কিন্তু আজ...! যেহেতু আজকের শিক্ষকের পূর্ণ ছায়া ও ছবি আমাদের চোখের সামনেই রয়েছে সেহেতু সে সম্পর্কে বিশদ আলোনার প্রয়োজন নেই। শুধু এটুকু বলাই যথেষ্ট যে, শিক্ষক শব্দটি আজকের শিক্ষার্থীর অন্তরে যে অনুভূতি সৃষ্টি করে তার নাম ভক্তি বা শ্রদ্ধা নয়, তার নাম...! শিক্ষক একসময় শিক্ষা দিতেন এবং শিক্ষার সঙ্গে দিতেন দীক্ষা, তাই তিনি ছিলেন শিক্ষক এবং দীক্ষক। আজকের শিক্ষক তো শিক্ষার্থীর অন্তরে ন্যূনতম শিক্ষাপ্রেমই জাগ্রত করতে পারেন না, সেখানে দীক্ষার আশা আর করা যায় কীভাবে।
এরপর দ্বিতীয় মাধ্যম হল, পাঠ্য- পুস্তক। এটা সত্য যে, আমাদের শিক্ষাব্যবস্থায় পাঠ্যপুস্তক কখনই বিশ্বাস ও ধর্মচেতনার ধারক ছিল -না, তবে নূন্যতম নৈতিক শিক্ষার ধারক অবশ্যই ছিল। বিশেষ করে একজন হিন্দু শিক্ষকের রচিত ‘আদর্শ লিপি’র কথা এখনো আমাদের মনে পড়ে। তাতে এখনো অন্তরে কোমল ও স্নিগ্ধ অনুভূতির সঞ্চার হয়।
আদর্শলিপির নীতিকথাগুলো তো এখনো অন্তরে রেখাপাত করে আছে। আর সেই যে, ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি...’
এখনো মনে পড়লে এত প্রতিকূল -তা ও আবিলতার মধ্যেও মনটা সত্যি সত্যি ভালো হয়ে যায়। বিশেষ করে ‘একবার না পারিলে দেখ শতবার, এ নীতিকথা, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন প্রতিকূলতার মুখে কতবার যে সাহস ও প্রেরণা দান করেছে, এমনকি আজ জীবনের এই শেষ বেলায়ও করে চলেছে, তার সত্যি কোন তুলনা নেই।
অবশ্য একটা বিষয় ছিল। তখন পাঠক্যপুস্তকের নীতিকথাগুলোর সঙ্গে ঘরের ও বাইরের বাস্তব জীবনের সঙ্গে অসঙ্গতি ছিল খুব কম। শিক্ষক যখন এই নীতিকথা উচ্চারণ করতেন, তখন তাঁ কণ্ঠে থাকত গভীর আস্থা ও আত্মাবিশ্বাস। প্রতিটি শিক্ষার্থী শিক্ষকের কণ্ঠ থেকে তা গ্রহণ করত পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে। আজকের পাঠ্যপুস্ত-কের কী করুণ অবস্থা, ভাবলে চোখে পানি এসে পড়ে। প্রতিটি নীতিবাক্য ও নীতিগল্প যেন ঝেটিয়ে বিদায় করা হয়েছে পাঠ্যপুস্তকের পাতা থেকে। তার পরিবর্তে এমনকি যৌনশিক্ষাও উপস্থিত হয়েছে সদম্ভে।...
একটি নীতিবাক্য অবশ্য দেখা যায় শিশুদের পাঠ্যপুস্তকের শেষ প্রচ্ছদে, তবে সঙ্গের ছবিটি যেন ঐ নীতিবাক্যকেই বিদ্রূপ করছে! আল্লাহ্ জানেন, কবে আমরা এমন শিক্ষাব্যবস্থা ও পাঠ্যপুস্তকের অকল্যাণ থেকে মুক্ত হতে পারব। আমরা আমাদের সীমাবদ্ধ পরিসরে কিছু চেষ্টা তো করে যেতে পারি! জাতির চিন্তা চেতনা ও বিশ্বাসকে ধারণ করে পাঠ্যপুস্তক রচনার মহান কর্মযজ্ঞ শুরু তো করতে পারি; পারি না!
আল্লাহ্ আমাদের সহায় হোন।