ভাষা ও সাহিত্য
পুষ্পের একটি লেখা, আমার কিছু অনুভূতি
ইউশা বিন মানযূর, মাদরাসাতুল মাদীনাহ্
পুষ্পের গায্যাসংখ্যা, কিশোরবিভাগ দ্বিতীয় পৃষ্ঠা। ছোট্ট একটি লেখা, কলেবর সামান্য, তবে তাৎপর্য অসামান্য। হয়ত হৃদয় তখন উন্মুক্ত ছিল, তাই হৃদয়ে তা রেখাপাত করেছে। শুধু এই একটি লেখার ভাব ও মর্ম যদি জীবনে ধারণ করতে পারি, জীবন সার্থক হতে পারে। সামান্য পাঠক হিসাবে আমার যা অনুভব, পুষ্পের কোন লেখা, শুধু তথ্যের জন্য নয়, পাঠকের উদ্দেশ্যে কোন না কোন বার্তা বহনের জন্য। তাই পুষ্প একবসায়, একশ্বাসে পড়ার জন্য নয়, বরং সারা জীবন পড়ার জন্য, যাতে ধীরে ধীরে হৃদয় সমৃদ্ধ হয় এবং চিন্তা হয় আলোকিত!
আকারে ছোট, কিন্তু প্রকারে বড় এই লেখা একটি প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে, ‘লেখক ও পাঠকের মধ্যে সম্পর্ক কী? অবাক করা প্রশ্ন! কখনো তো ভাবনাতেই আসেনি! কিন্তু এটা তো ভেবে দেখার মত প্রশ্ন! তাই পাঠকের অন্তর্লোকে চিন্তার জাগৃতির জন্য প্রশ্ন দিয়ে লেখাটির শুরু! এখানে কি স্থূল সম্পর্কের কথা জানতে চাওয়া হয়েছে! না, এখানে বরং বলা হয়েছে হৃদয়ের সঙ্গে হৃদয় এবং আত্মার সঙ্গে আত্মার সম্পর্কের কথা; বলা হয়েছে চিন্তার সঙ্গে চিন্তার এবং চেতনার সঙ্গে চেতনার একাত্মতার কথা। এভাবে পুষ্প তার পাঠককে নিজের সঙ্গে একাত্ম করে নেয়! স্থূলতা থেকে হৃদযবৃত্তির দিকে নিয়ে যায়! জীবনকে পুষ্প যেমন করে ভাবে, পাঠককেও তেমন ভাবতে শেখায়! তাই আশা করা যায়, পুষ্পের পাঠক এখন উপরের প্রশ্নটি হৃদয়ঙ্গম করতে পেরেছে! এখন এটা পাঠকেরও প্রশ্ন! তার কৌতূহলী হৃদয়ও এখন জানতে চায়, লেখকের সঙ্গে পাঠকের সম্পর্ক কী! এই লেখা থেকেই সে তার প্রশ্নের উত্তর পেয়ে যাবে....!
লেখক যখন কিছু লেখেন, কলমের কালিতে পাঠককে তিনি কী দিতে চান! পাঠক তার কাছ থেকে কী পেতে চায়! এই চাওয়া-পাওয়া স্থূল হতে পারে এবং হতে পারে অন্তর্জাগতিক! এখানেই হল লেখার মূল বার্তা- নিয়তের বিশুদ্ধতা! উদ্দেশ্যের উচ্চতা!
নিয়তের বিশুদ্ধতা ও আত্মার বিশুদ্ধতা, একজন লেখককে প্রথমেই এটা অজর্ন করতে হেব।
অর্থের জন্য, স্তুতির জন্য তিনি কখনো লিখবেন না। তিনি লিখবেন শুধু এবং শুধু আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য, পাঠকের প্রতি কল্যাণনিবেদনের জন্য।
এই যে ইসলামী চিন্তা ও ঊর্ধ্বজাগতিক চেতনা, এটাকেই এখানে যুগের ভাষায়, সাহিত্যের মোড়কে পরিবেশন করা হয়েছে, যা ধার্মিক অধার্মিক যে কোন মানুষকে সমানভাবে হাতছানি দিতে পারে! এখানে এসে একজন সাহিত্যসাধকের কলম ধর্ম ও জীবন, দু’টি ধারার অভিন্ন মোহনায় মিলন ঘটাতে পারে। একজন ধার্মিক এমন লেখায় আপ্লুত হয়, আবার একজন অধার্মিক অবচেতন সত্তায় লেখার বার্তার সঙ্গে একাত্ম হয়ে যায়। এখানেই সাহিত্যের বৈশিষ্ট্য এবং কলমের সার্থকতা!
একই ভাবে পাঠকের প্রসঙ্গ! তিনিই হবেন আদর্শ পাঠক, কোন লেখা যিনি নিছক বিনোদনের জন্য বা অলস সময় পার করার জন্য পড়বেন না! কারণ সেটা হবে জীবনের প্রতি অসম্মান এবং সময়ের নির্মম অপচয়। পাঠক শুধু সেই লেখাই পড়বেন, যাতে রয়েছে হৃদয়ের জন্য কোন ভাল এবং আত্মার জন্য কোন আলো।
আসলে লেখক ও পাঠকের অর্জন ও সমৃদ্ধি তখনই সম্ভব হবে যখন উভয়ের হৃদয় ও আত্মা জাগ্রত হবে; যখন হৃদয়ের উত্তাপই হবে লেখকের সঙ্গে পাঠকের সম্পর্কের সূত্র।
লেখার শেষদিকে যে কালজয়ী বাক্যটি এসেছে সংক্ষিপ্ত শব্দে বিস্তৃত মর্ম প্রকাশের অনবদ্য এক উদাহরণ, ‘বইয়ের দোকান ও বাটার দোকান, পাঠকের কাছে এখন প্রায় সমান!’
শেষ বাক্যটিতে রয়েছে যারা লেখে এবং যারা পড়ে তাদের উদ্দেশ্যে আত্মার সবটুকু আকুতি, ‘ফিরে চল সেখানে যেখানে লেখক ও পাঠকের বন্ধন ছিল আলোকিত ও জ্যোতির্ময়!’
০০ প্রিয় ইউশা, তোমার পর্যালোচনা খুব সুন্দর! তোমাকে অনেক অনেক ‘জাযাকাল্লাহু খায়রান’! লেখাটি সাজাতে গিয়ে তোমার কলমের একটি সুন্দর বাক্য অসাবধানে ছুটে গিয়েছে, বাক্যটি হল, ‘পাঠক হিসাবে আমি যখন কলম ও কলবের আলোক প্রবাহে অবগাহন করতে পারব তখনই হবে আমার সত্যিকারের সমৃদ্ধি!’
একটা বিষয় বল তো! পাঁচছয় বছর আগে পুষ্প যখন বেঁচে ছিল, তখন ঐ যে পাঠকের আদালতে একটি ‘পর্যবেক্ষণ-লেখা’ লিখেছিলে, তারপর এটাই কি তোমার কলমের দ্বিতীয় লেখা! আশা করি, উত্তরটি এমন হবে যা আমার হৃদয়ের জন্য আনন্দের কারণ হবে! *