চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ
চলতি সংখ্যা

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.

সব প্রকাশনা

পুষ্প একটি আন্দোলন, যার লক্ষ্য ও উদ্দেশ্য

  • ঈমান ও উম্মাহকে সামনে রেখে মাতৃভাষা চর্চায় ও সাহিত্য সাধনায় যারা আত্মনিয়োগ করতে চায় তাদের পথ দেখানো।
  • এ যুগের কলম-জাদুগরদের মোকাবেলায় মূসার আছা হাতে যারা মাঠে নামতে চায় তাদের সাহস যোগানো।
  • যারা চায়, আমার কলমের কালিতে লেখা হোক উম্মাহর আগামী দিনের সৌভাগ্য, তাদের চলার পথে আলো ছড়ানো।
  • আর এখনো যারা ঘুমিয়ে আছে সম্ভাবনার দুয়ার বন্ধ করে, গাফলতের চাদর মুড়ি দিয়ে, তাদেরকে ঘুম থেকে জাগানো।
  • হে বন্ধু! এ পথ চলায়, এ সংগ্রাম সাধনায় তুমিও আমাদের সঙ্গী হও। আমরা চলে যাবো, তোমাদের রেখে যাবো। তোমরাই হবে আগামী দিনের দিশারী, ভবিষ্যতের কাণ্ডারী।
চতুর্থ প্রকাশনা-১ এর প্রচ্ছদ

চতুর্থ প্রকাশনা-১

জুমাদাল আখেরা ১৪৪৮ হি. · নভেম্বর ২০২৬ খৃ.
কাগজ সংস্করণ →

“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১

লেখা আসছে…

লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি

আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।

লেখা পাঠানোর জন্য: [email protected]

ভাষা ও সাহিত্য

আমাকে, তোমাকে, তাকে, সবাইকে

কতদিন কতভাবে মিনতি জানিয়েছি তোমাকে! আর যাই কর, আমাকে ত্যাগ কর না! আমাকে ছেড়ে যেয়ো না! আমার বুকে বিচ্ছেদের আঘাত হেন না! কিন্তু হায়, তুমি শুনলে না! তোমাকে ভালবেসে নিঃস্ব হওয়া মানুষটির আকুল মিনতি তুমি রক্ষা করলে না!

আমার জীবনে সম্পদ ছিল না! প্রাচুর্য ছিল না! কিন্তু ভালবাসবার একটি হৃদয় ছিল! তোমাকে আলিঙ্গন করার মত একটি বুক ছিল! আমার বিশ্বাস ছিল এবং বিশ্বাস করার মত উপাদান ছিল। আমার বিশ্বাস ছিল, আমাকে পেয়ে তুমি খুশী হবে, যেমন তোমাকে পেয়ে আমি সুখী হয়েছিলাম! তুমিই বল, খুশী হওয়ার জন্য কী লাগে! আমার মনে পড়ে, এক নির্জন রাতে যখন তোমার সান্নিধ্যসুখে বিভোর ছিলাম; যখন আমাদের পাশে, আমাদের কাছে কেউ ছিল না! শুধু তুমি ছিলে, আমি ছিলাম, আর ছিল তোমার প্রতি আমার বুকভরা ভালবাসা! স্পষ্ট মনে পড়ে, তুমি বলেছিলে কোমল কণ্ঠে- ‘তোমার কাছে, সম্পদ পাইনি, প্রাচুর্য পাইনি, ঠিক! তবে তোমার কাছে যে ভালবাসা পেয়েছি! তোমার কাছে কোমল বুকের যে উষ্ণ আলিঙ্গন পেয়েছি, তাতেই আমি খুশী! আর কিছু আমি চাই না!’

তুমি আজ কোথায়, কত দূরে! তোমার কি মনে পড়ে, সেই রাতের নির্জনতায় আমার বুকে মাথা রেখে যা বলেছিলে! যদিও আশা ছিল, ‘আমি খুশী’ না বলে বলবে, ‘আমি সুখী!’ আমি কিন্তু তাতেই আনন্দে আপ্লুত হয়েছিলাম! মুগ্ধ চোখে তোমার দিকে তাকিয়েছিলাম, আর ভাবছিলাম, তুমি কত সুন্দর! মনে হয়েছিল, বাইরের রূপে তুমি রানী, আর ভিতরে সৌন্দর্যে তুমি মহারানী! আমার বিশ্বাস এখনো অটুট আছে হে প্রিয়! হে প্রিয়তম! সেই নির্জন রাতে এবং রাতের নির্জনতায় তোমার বলা প্রতিটি কথা আমি বিশ্বাস করেছিলাম! আজো বিশ্বাস করি বুকের সবটুকু বিশালতা এবং হৃদয়ের সবটুকু প্রশস্ততা দিয়ে! আমি বিশ্বাস করি, তোমার কথা মিথ্যা হতে পারে না! তোমার ভালবাসা অসত্য হতে পারে না! যারা ছলনার ভাষায় কথা বলে, তুমি তো তাদের মত নও!

তুমি আজ কোথায়, কত দূরে! আবার কি ফিরে পাব তোমাকে, তোমার চিরসুন্দর রূপে! আবার কি পাব আমি তোমার ভিতরের যে সৌন্দর্য, তার আলো! তুমি কি আবার ফিরে আসবে আমার জীবনে, যদি কোন ভুল করে থাকি, সেই ভুল ক্ষমা করে! যতদিন ছিলে তুমি আমার কাছে, ততদিন তো আমাকে ক্ষমা ও ক্ষমাসুন্দরতার শিক্ষাই দিয়েছ! কাউকে আমি যখন ক্ষমা করেছি, তুমি কত খুশী হয়েছ! কারো প্রতি যদি কঠিন হয়েছি, তুমি কত তিরস্কার করেছ! যতবারই ভুল করেছি, তোমার তিরস্কারে আবার তোমার কাছেই তো ফিরে এসেছি! তুমি আজ কোথায় কত দূরে! একবার এসে বলে যাও হে প্রিয়! হে প্রিয়তম! কী দোষে তুমি আমাকে ছেড়ে গেলে! কী অপরাধে তোমার সান্নিধ্য থেকে আমাকে বঞ্চিত করলে!

তুমি তো চিরকাল বুকে ধারণ করেছ সততা ও সত্যবাদিতার ভাব ও ভাবনা! তুমি তো সবাইকে শুনিয়েছ সৌন্দর্যের বাণী! তুমি তো সবাকে দেখিয়েছ আলোর পথ! তুমি তো ছিলে সাঁঝবেলার জোনাকি! আঁধার রাতের জ্বল জ্বল তারকা! তাহলে! তোমাকে তো আমার আজো প্রয়োজন! আমি তো তোমার দয়া ও দানের আজো ভিখারী! বল, দয়া করে বল, কোন ফুলের সুবাস পেলে তুমি আবার ফিরে আসবে আমার জীবনে! বল আমার প্রিয়! আমার নাদরা!

(নাদরাতুন-না‘ঈম নামের মহামূল্যবান কিতাবটি হাতছাড়া হওয়ার শোকে, এবারের চারটি লেখা, আমাকে, তোমাকে, তাকে ও সবাইকে। এই চারটি লেখার জন্য ঐ মানুষটি কে মাফকরে দিতে ইচ্ছা করে, কিন্তু পারি না! আসলে এখনো আমার হৃদয় এত উদার হতে পারেনি।

আমাকে চিনতে পার হে প্রিয়! হে প্রিয়তম! আমি ছিলাম তোমার প্রিয়! তোমার প্রিয়তম! আমি জানি, এখনো তুমি ভালবাস আমাকে! এখনো আমার জন্য কাঁদে তোমার প্রাণ! তুমি তো আমাকে কখনো ত্যাগ করনি! তুমি তো আমাকে হারিয়েছ, কিন্তু ভুলে যাওনি! আমি জানি, তুমি গ্রহণ করে কখনো ত্যাগ কর না! তোমার জীবন থেকে যারা হারিয়ে যায়, তাদের তুমি কখনো ভুলো না!

আমার মনে আছে হে প্রিয়! হে প্রিয়তম! কবে কোথায় আমি এসেছিলাম তোমার জীবনে! কত আদরে সমাদরে, কত ভালবেসে বরণ করেছিলে তুমি আমাকে! কীভাবে বুকে তুলে নিয়েছিলে তুমি আমাকে!

আল্লাহ্‌র নবীর শহরে যেদিন তোমাকে প্রথম দেখলাম! প্রথম দেখাতেই মনে হল, তুমি কত ভাল মানুষ! কত কোমল, কত উদার তোমার হৃদয়! তুমি আলতো করে আমাকে স্পর্শ করলে! আহ! এত কোমল, এত উষ্ণ, এত তুলতুলে হতে পারে কারো স্পর্শ! সেই প্রথম স্পর্শেই আমার অন্তরে একটি আকুতি জন্ম নিল! কত ভাল হয়, কত সুখ হয়, যদি চিরকাল আমি তোমার হতে পারি!

আমাকে বাইরে থেকে স্পর্শ করে, মনে হল তোমার তৃপ্তি হয়নি! তখন বুঝলাম যে, বাইরের রূপ তোমার পছন্দ হলেও বাইরের রূপে তুমি মুগ্ধ হতে চাও না। তোমার মনের, তোমার হৃদয়বৃত্তির এ নতুন রূপটি দেখে সত্যি সেদিন আমি আপ্লুত হলাম। এমন মানুষ তাহলে এখনো আছে পৃথিবীতে, বাইরের রূপ অতিক্রম করে, যে পেতে চায় ভিতরের রূপ সৌন্দর্যের আলোকপ্রভা! মনে হল এমন মানুষের জন্য নিজেকে যদি উৎসর্গ করতে পারি, কত ধন্য হই আমি! কত সুখী হয়, আমার জীবন! আমার অস্তিত্ব! একদিন না একদিন কারো না কারো জীবনে আমাকে তো যেতে হবে! আমার জন্ম তো নিজের জন্য নয়! আমার জন্মই তো কারো না কারো জীবনে সুখের প্রবাহ আনার জন্য! কারো না কারো জীবনে আলোর রিশ্ম বিকিরণের জন্য! কিন্তু আমার নিজের সুখ, আমার নিজের শান্তি তো তোমাকে পাওয়ার মধ্যে! কারণ অল্প কিছু সময়ের সান্নিধ্যে, সামান্য সময়ের স্পর্শসুখে আমার উপলিব্ধ হল, ভালবাসা হয়ত অনেকের বুকে আছে, কিন্তু তোমার মত স্নিগ্ধ পবিত্র ও নির্মোহ ভালবাসা, কোথায় কার বুকে খুঁজে পাব!

কিন্তু আমি যে হে প্রিয়! হে প্রিয়তম

চাইলেই তোমার হতে পারি না! তুমি যদি না আমাকে গ্রহণ কর, তুমি যদি না আমাকে বরণ কর!

তারপর এল সেই সুখের দিন! আমি তোমার হলাম, তুমি আমার হলে। নিজেকে তোমার সান্নিধ্যে আমি অর্পণ করলাম। প্রতিদিন তোমার নতুন নতুন পরিচয়ে আমি মুগ্ধ হই, ধন্য হই! এ পরম সৌভাগ্যের জন্য নিজেরই প্রতি যেন নিজের ঈার্ষ হল। তবে তুমি যখন আমাকে পেয়ে কৃতজ্ঞ হলে, তখন তোমারই কাছে আমি পেলাম ঈর্ষার পরিবর্তে কৃতজ্ঞ হওযার শিক্ষা। তোমার মত আমি কামনা করলাম, সবার জন্য কল্যাণ, শান্তি ও সৌভাগ্য! কিন্তু হায়, মানুষের ঈর্ষা থেকে মুক্তি পেলাম না। আমি হলাম এক অমানুষের নিষ্ঠুর ঈর্ষার শিকার। সেকি আমাকে ভালবেসেছিল! সেকি জানে না, ভালবাসা জোর করে হয় না! ভালোবাসা মানে অর্জনের সাধনা, কারো বুক থেকে কাউকে ছিনিয়ে নেয়ার নাম ভালবাসা নয়, এর নাম গুম অপহরণ! জীবনে যখন অন্ধকার নেমে আসে, তখন তা হয় ঘোর অন্ধকার! আমার জীবনেও নেমে এল সেই ঘোর অন্ধকার। আমাকে সে অপহরণ করেছিল আমাকে পাওয়ার জন্য নয়, আমার মূল্য আত্মসাতের জন্য। তাই আমাকে সেই অমানুষ বিক্রি করে দিল, কয়টি মুদ্রার জন্য! তোমার কাছে আমি ছিলাম অমূল্য, তার কাছে হয়ে গেলাম মূল্যহীন! কিন্তু আমি জানতাম হে প্রিয়, হে প্রিয়তম! তুমি আমাকে ভুলনি! আমি জানতাম আমার বিচ্ছেদ শোকে তুমি কত বিষণ্ন! কত শোকাহত! তাই আমার কষ্টের জীবনে আল্লাহ্‌র কাছে একটাই ছিল প্রার্থনা! আমি যেন তোমাকে ফিরে পাই! যেন তোমার কাছে আবার ফিরে আসতে পারি! এই দেখ, আমি এসেছি! চিনতে পারছ না কেন! একটু না হয় রূপ বদল করে এসেিাছ! একটু না হয় সাজসজ্জার পরিবর্তন করেছি! অপহরণকারীর চোখ ফাকি দিয়ে আসতে হয়েছে তো! এই দেখ, আমি তোমার সেই ‘নাদরা’! না, না, সুখের আনন্দে আত্মাহারা হয়ো না! আমি তোমাকে সেই সংযমের মধ্যেই দেখতে চাই! আমি তোমার সেই প্রথমদিনের কোমল স্পর্শটিই পেতে চাই! এবার আমি চিরকালের জন্য তোমার হতে চাই!

(আমার শোকে নাদরাতুন-না‘ঈমের বেদনা। কিছুদিন হল নতুন সংস্করণ সংগ্রহ করেছি, যা আগেরটির মত নয়। আজো আমার জানা হল না, কে সে যালিম, যার কারণে প্রিয় নাদরাতুন-না‘ঈমের সান্নিধ্য থেকে আমি বঞ্চিত!)

তাকে হারিয়ে কেন আমার মনে হয়, আমি সব হারালাম! এজন্যই কি যে, একদিন তাকে পেয়ে মনে হয়েছিল, আমি সব পেয়েছি!

পেয়ে হারানোর শোক ও শোকের মাতম তো বুঝতে পেরেছি হে আল্লাহ! এমন শোক; শোকের এমন মাতম, শত্রুর বুকেও যেন না বিঁধে হে আল্লাহ্!

আজ তোমার কাছে আমার মিনতি হে আল্লাহ্! হারিয়ে ফিরে পাওয়ার সুখ ও আনন্দ আমাকে দান কর হে আল্লাহ্!

কেন তাকে হারালাম আমার জীবন থেকে! কেন সে হারিয়ে গেল! আমার ভালবাসায় কি কোন ত্রুটি ছিল! কোন অপূর্ণতা ছিল! আদরে সমাদরে, আতিথ্যে আপ্যায়নে আমার কি কোন কুণ্ঠা ছিল! কোন কৃপণতা ছিল!

আচরণে উচ্চারণে কখনো কি তার প্রতি অসম্মান ছিল! অবহেলা ছিল! না, তো! এমন তো ছিল না! আমি তো তাকে ভালবেসেছি বুক ভরে, হৃদয় উজাড় করে! আদরে সমাদরে আমি তো তাকে রেখেছিলাম সুসিক্ত করে! আমার আতিথ্যে আপ্যায়নে তো ছিল হৃদয়ের উত্তাপ! প্রাণের উচ্ছ্বাস! তাহলে! কেন সে চলে গেল আমাকে ছেড়ে, আমাকে না জানিয়ে! এ কোন যুলুম! এ কেমন সিতাম! যেমন নীরবে এসেছিল আমার জীবনে, সুখের ডালি সাজিয়ে! ফুলের মালা হাতে! আরো নীরবে, আরো অগোচরে চলে গেল আমাকে ছেড়ে, শোকের সাগরে আমাকে ভাসিয়ে! তাতে তার প্রাণ একটুও কী কাঁদেনি! একবারও ভাবেনি সে আমার কষ্টের কথা! আমার বিচ্ছেদ বেদনা ও মর্মযাতনার কথা!

এমন তো সে ছিল না! যেদিন তাকে ফুলের মালা দিয়ে বরণ করলাম তার মুখের তো সুখের হাসি ছিল! প্রাপ্তির তৃপ্তি ছিল! সে তো নিজেকে আমার বুকে অর্পণ করেছিল! সে তো কথা দিয়েছিল, চিরকাল সে আমার হয়ে আমার কাছে থাকবে!

তাহলে! নতুন জীবনের কোন মায়া; নতুন সুখের কোন হাতছানি তাকে কি...! না, না, এমন তো সে ছিল না! এমন তো সে হতে পারে না! সে তো শুধু আমারই সঙ্গে সুখের সংসার গড়ে তোলবে, কথা দিয়েছিল! জানি না, তার জীবনে কোন কালো ছায়া নেমেছিল কি না! জানি না, কোন রাহুর গ্রাস কোন শনির দশা তাকে বেষ্টন করেছিল কি না! কে তাকে বলবে, আমি তাকে ভুলিনি! আজো আমি কাতর চোখে চেয়ে আছি তার ফিরে আসার পথ!

আয় আল্লাহ্! আয় মেহেরবান! দয়া কর, আবার তাকে ফিরিয়ে দাও আমার জীবনে! তুমি কী না পারো হে আল্লাহ্! আয় মেহেরবান!

(আল্লাহ্ আমার দিলের ফরিয়াদ ও হৃদয়ের আর্তনাদ শুনেছিলেন। আমার ১২খণ্ডের বিরাট নাদরাতুন-না‘ঈ যে অপহরণ করেছে, তার প্রতি আমি কৃতজ্ঞ এই লেখাগুলোর জন্য। তবে এখনো তাকে ক্ষমা করতে পারিনি, এটা আমার দুর্বলতা। নাদরাতুন্-না‘ঈমের অন্য নোসখা আবার এসেছে আমার সংগ্রহে, যদিও তা আগেরটির মত নয়! সেই শোক এখনো বাজে আমার বুকে।)

একটি কথা বলতে চাই সবাইকে; ‘আমার কলমের আওয়ায’ যতদূর যায় ততদূরের সবাইকে! আল্লাহ্ তোমাকে যা দিয়েছেন তাতেই তুমি সন্তুষ্ট থাক। যা অন্যের, যা তোমার নয়, সেদিকে লোভের হাত বাড়িয়ো না। হয়ত তাতে তুমি প্রাপ্তির সাময়িক আনন্দ পাবে, কিন্তু সেই আহত মানুষটির বুকের দীর্ঘশ্বাস তোমাকে চির- কাল তাড়া করবে! কখনো তোমার শান্তি হবে না। কখনো তুমি আলোর সঙ্গ পাবে না! এবং পাবে না প্রাপ্তির স্বর্গসুখ!

কথা প্রথমে বলছি আমাকে, তারপর তোমাকে, তারপর তাকে ও সবাইকে! কথা হল, আমরা প্রত্যেকে একদিন আল্লাহ্‌র সামনে দাঁড়াব! আমার ঈমান-আকীদার জবার, আমার আমল-কিতাবের হিসাব আমাকেই দিতে হবে, অন্য কাউকে নয়। সুতরাং দ্বীনের নামে ব্যক্তিপূজার মোহ ত্যাগ করে আমাকে ভাবতে হবে, ভুল করছি না তো! ভুল ভাবছি না তো! আটকা পড়ে যাব না তো!

চতুর্থ প্রকাশনা-১ — সূচিপত্র