পুষ্পের কিশোর
নামের বরকতে...!
৮-৪-১৪৪৮ হি. মঙ্গলবার
সকাল থেকে পড়ায় মন বসছিল না। যতই চেষ্টা করি, মনোযোগ বসে না। এ জন্য খুব আফসোস হল! যোহরের পর মনের অস্থিরতা খুব বেড়ে গেল। শেষ ভাবলাম, মন বসুক, না বসুক, আমি কিন্তু কিতাব নিয়ে বসেই থাকব। হয়ত আল্লাহ্ তাওফীক দেবেন! তো বসে থাকলাম ধৈর্যের সঙ্গে। হঠাৎ কিতাবের মুছান্নিফ রহ.এর নােমর দিকে দৃষ্টি গেল।
আশ্চর্য! তখন দেখি, মনের মধ্যে পরিবর্তন শুরু হল! কতযুগ আগের এই মহান মানুষটি কত সাধনা ও মুজাহাদা করেছেন এই কিতাবটি লেখার জন্য। ইসলামী ফিকাহ্র উপর তিনি এমন এক কিতাব লিখেছেন, যার কোন তুলনা নেই। ...
এ কিতাব তিনি লিখেছেন কার জন্য! আমাদের জন্য; আমার জন্য! তাহলে আমি কেন...
(সাজিদ বিন আম্মার, মাদরাসাতুল মাদীনাহ্)
০০ তুমি আল্লাহ্র শোকর আদায় করে লিখেছ যে, মুছান্নিফের নামের বরকতে পড়ায় তোমার মন বসেছিল। আল্লাহ্ তোমাকে এবং তোমাদের সবাইকে তাওফীক দান করুন, আমীন।
আবুল হাসান আব্দুল্লাহ্
(তৃতীয় বর্ষ, মাদরাসাতুল মাদীনাহ)
০০ তুমি প্রথমবর্ষের স্মৃতিচারণ করে লিখেছ, তোমার কতিপয় সহপাঠী মাদরাসার গাছে বসবাস-কারী পাখীদের কষ্ট দিত ঢিল ছুড়ে, আরো বিভিন্নভাবে। শেষে পাখীগুলো কষ্ট পেয়ে ঐ গাছটা ছেড়ে চলে গেল; আর কখনো ফিরে এল না।
তুমি আরো লিখেছ, বছরের শেষে ওরা ওদের কর্মফল ঠিক পেয়েছিল। ওরা যেমন পাখীর দলটিকে মাদানী গুলশান ছাড়তে বাধ্য করেছিল, বছরের শেষে দেখা গেল, অন্যায় কাজে জড়িত হয়ে তারাও মাদরাসা ছাড়তে বাধ্য হল। তোমার চিন্তার প্রকৃতি প্রশংসার যোগ্য। বাকি, কার কী হালত কেন হয়, তা আল্লাহ্ই ভাল জানেন। তবে মানুষ, পশুপাখী কোন কিছুকেই কষ্ট দেয়া বড় ভয়ের বিষয়। তা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।