পুষ্পের কিশোর
মায়ের জন্য সন্তান, সন্তানের জন্য মা
পৃথিবীতে মানুষে মানুষে কতসম্পর্কই তো আছে! দু’ভাই, দু’বোন এবং ভাই বোন! প্রতিটি সম্পর্কেরই রয়েছে নিজস্ব মর্যাদা ও পবিত্রতা! একটি সম্পর্কের নাম পিতা ও সন্তান। এ সম্পর্কে পবিত্রতা যদি চিন্তা করি, তাহলে পৃথিবীর কোন সম্পর্কের সঙ্গে এর তুলনা চলে না!
কিন্তু মা! সন্তানের সঙ্গে মায়ের এবং মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক, জগত সংসারে এর কি কোন তুলনা আছে! যিনি বলেছন, সত্য বলেছেন, ‘সন্তানের সঙ্গে বাবার সম্পর্ক হল ঘামের।’ সন্তানের কথা চিন্তা করে বাবা উপার্জন করেন, মাথা -র ঘাম পায়ে ফেলেন। বাবার শরীরের প্রতিটি ঘামের ফোঁটা সন্তানের জন্য, কিন্তু মা! সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক হল প্রসববেদনার, জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থানের! মায়ের বুকে দুধের প্রতি ফোঁটা সন্তানের জন্য। ঘামের ফোঁটা, আর দুধের ফোঁটা কি এক হল! এক হতে পারে!
মনে রাখতে হবে মা-ই হলেন পৃথিবীেত একমাত্র সত্তা, যার মমতার কথা স্বয়ং আল্লাহ্ ও তাঁর রাসূল উল্লেখ করেছেন, আল্লাহ্র রহমতের ব্যাপকতা ও অসীমতার প্রকৃতি মানুষের চিন্তার নিকটবর্তী করার জন্য। এর অর্থ হল আল্লাহ্র রহমতের হাকীকত বোঝার জন্য মাতৃম-মতা ছাড়া আর কোন উদাহরণ নেই। তাই আল্লাহ্র রহমতের অসীমতার ন্যূনতম ধারণা মানুষের সামনে তুলে ধরার জন্য মায়ের মমতার কথা সামনে আনা হয়েছে, বাবার স্নেহের কথা নয়। সন্তানের জীবনে মায়ের ভূমিকা বা অবদান কী তা সন্তানের সামনে; মানবসমাজের সামনে প্রকাশ করার জন্য বলা হয়েছে— সন্তানের জান্নাত মায়ের কদমের নীচে।
কিন্তু সন্তান! সন্তানের জীবনে —তিক্ত সত্য এই যে— মা একমাত্র সত্তা নন। বিশেষ করে সন্তানের জীবনে যখন স্ত্রী আসে, সন্তান আসে, মায়ের উপস্থিতি সন্তানের জীবনে আবছা হতে হতে হারিয়ে যায়। ...
আমরা যে দ্বীন শিখতে এসেছি, আল্লাহ্র কালাম থেকে, নবীর সুন্নাহ থেকে মায়ের মর্যাদা কতটুকু জেনেছি; কতটুকু বুঝেছি এবং জীবনের অঙ্গনে অন্যন্য সম্পর্কের ভিড়ে মায়ের হক কতটুকু আমলে আনতে পেরেছি আজ আমাদের তা ভেবে দেখতে হবে! মনে রাখতে হবে, একদিন আল্লাহ্র সামনে আমাদের দাঁড়াতে হবে।
(শরীফ, আশরাফাবাদ, ঢাকা)