“কিছু সুন্দর চিন্তা দ্বারা, কিছু সুন্দর চেতনা দ্বারা নিজের জীবনকে তুমি আরো সুন্দর করে সাজাতে পার!”
এ সংখ্যার বাণী থেকে
কাগজ সংস্করণ · চতুর্থ প্রকাশনা-১
চতুর্থ প্রকাশনা-১
লেখা আসছে…
লেখাটি সম্পর্কে আপনার অনুভূতি
আপনার কথা সরাসরি সম্পাদকের কাছে পৌঁছে যাবে, ইনশাআল্লাহ।
সূচিপত্র
আলকলম পুষ্প থেকে বের হতে চান?
পুষ্পকলি · ছোটদের পাতা
অহঙ্কারের ফল ও বিনয়ের ফল
লোকে বলে, অনেক অনেক আগে বহু দূরের এক দেশে ছিল নাকি এক রাজা, এক রানী। দেশটা ছিল খুব সুন্দর। পাহাড়-পর্বত, নদী-ঝর্ণা ও সবুজ বন যেমন ছিল, তেমনি ছিল গাছভরা ফল, আর মাঠভরা ফসল। যেমন ছিল মেঘ-বৃষ্টি ও রংধনু তেমনি ছিল পাখীদের গান, কিন্তু হলে কী হবে! সেই রাজ্যে কোন শান্তি ছিল না! মানুষের জীবন বরং অশান্তিতে ভরা ছিল। কারণ রাজা-রাণী দু’জনই ছিল খুব অহঙ্কারী এবং অত্যাচারী। প্রজাদের শোষণ করা, আর মানুষের সম্পদ লুণ্ঠন করে রাজকোষ পূর্ণ করা, এটাই ছিল রাজা ও রানীর দিনরাতের কাজ। রাজা ও রানীর ছিল এক রাজকন্যা। রাজার মতই অত্যাচরী, আর রানীর মতই অহঙ্কারী। রাজকন্যা গরীবকে খুব ঘৃণা করত। কোন গরীব ছেলে বা মেয়ে যদি তার কাছে আসত, কষ্টের কথা বলত, আর সাহায্যের আশায় হাত পেতে দাঁড়াত, দূর হ! দূর হ! বলে সে তাদের তাড়িয়ে দিত।
আশ্চর্যের কথা কী জান! রাজকন্যার বড় এক ভাই ছিল, তার ঠিক বিপরীত! দেখে কেউ বিশ্বাসই করত না যে, রাজকন্যা ও যুবরাজ দুই ভাইবোন! যুবরাজের মন ছিল যেমন নরম, তেমনি গরীবের প্রতি ছিল অনেক দয়া মায়া। গরীবের দুঃখ কষ্ট দেখলেই তার মন কেঁদে উঠত।
রাজা ও রানীকে লুকিয়ে যুবরাজ গরীবকে সাহায্য করত, আর তাদের দুঃখ-কষ্ট দূর করার চেষ্টা করত। আর কিছু না হোক, দু’টো নরম কথা বলে গরীবকে সান্ত্বনা দিত। এ জন্য রাজ্যের সমস্ত প্রজা রাজা ও রানীকে অপছন্দ করলেও যুবরাজকে খুব ভালবাসত। গরীব-দুঃখী মানুষ রাজ- কন্যাকে ঘৃণা করলেও যুবরাজকে ভালবাসত। মানুষ বলাবলি করত, আহা, যুবরাজ কত না ভাল! তিনি যখন রাজা হবেন তখন আমাদের কষ্ট দূর হবে! তখন আমাদের জীবনে শান্তি আসবে। তখন রাজ্যের কল্যাণ হবে! কিন্তু কে জানে, সেদিন কত দূরে!
রাজা-রানী রাজকন্যাকে যত পছন্দ করতেন, যুবরাজকে ততই অপছন্দ করতেন। রাজা ও রানী ভাবতেন, রাজকন্যাই রাজ্যশাসন করতে পারবে। কারণ প্রজাদের দমিয়ে রাখতে হলে শক্ত হাতে শাসন করতে হবে। এমন নিষ্ঠুর হতে হবে যাতে মানুষ রাজাকে রানীকে ভয় পায়।
প্রজাদের প্রতি যুবরাজের কোমল আচরণ রাজা-রানীর একদম পছন্দ ছিল না। যুবরাজকে তারা কখনো আদর করে, কখনো তিরস্কার করে বোঝাতেন, যাতে যুবরাজ প্রজাদের প্রতি কঠোর হন এবং রাজকোষে ধনসম্পদ জমা করার দিকে মন দেন। কারণ যুবরাজই তো একদিন রাজা হবেন। তাকেই তো শক্ত হাতে প্রজাদের শাসন করতে হবে।
কিন্তু যুবরাজের ভাবনা ছিল অন্যরকম। যুবরাজ মনে করতেন, প্রজাদের জীবনে শান্তি হলেই না রাজ্যে শান্তি আসবে, রাজপ্রাসাদে শান্তি হবে।
রাজা যদি প্রজাদের প্রতি দয়া করেন তাহলেই না মানুষ রাজাকে ভালবাসবে, রাজার জন্য, রাজ্যের জন্য দুআ করবে।
(আল্লাহ্র ইচ্ছায় আগামী সংখ্যায)
যুবরাজ বরং বাবাকে বোঝাতেন, ভয় ভীতি দ্বারা, জুলুম অত্যাচার দ্বারা মানুষকে দমিয়ে রাখা যায়, কিন্তু মানুষের হৃদয় জয় করা যায় না।
রাজা ও রানী শেষে নিরাশ হয়ে ঠিক করলেন। রাজ্য রক্ষা করতে হলে, যুবরাজকে সিংহাসন থেকে দূরেই রাখতে হবে। তারা ঠিক করলেন, প্রধনসেনাপতির পুত্রের সঙ্গে রাজকন্যার বিবাহ দেবেন এবং রাজকন্যাকেই সিংহাসনে বাসবেন ।
সেনাপতি রাজার মনের কথা জানতেন। তিনিও তো রাজার মতই অত্যাচারী ও নিষ্ঠুর ছিলেন। তার মনেও সিংহাসনের প্রতি লোভ ছিল অনেক দিন থেকে। সেনাপতি তার পুত্রকে সেভাবেই প্রস্তুত করতে লাগলেন। রাজ্য ও রাজকন্যা, দুটোই যেন সেনাপতির দখলে আসে।